বলিউডে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে আদিত্য ধর পরিচালিত নতুন স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তবে রণবীর সিংয়ের মারকুটে অবতারের পাশাপাশি যা সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হল অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে তাঁর একটি রুদ্ধশ্বাস মুখোমুখি দৃশ্য।
ট্রেলারে দেখা যায়, রণবীর সিং-এর চরিত্র ‘হামজা’র দিকে বন্দুক তাক করে আছেন সারা অর্জুন। সারার চোখেমুখে ফুটে উঠেছে এক চরম উত্তেজনার ছাপ। অনুরাগীদের মতে, এই একটি দৃশ্যই সিনেমার মোড় ঘুরিয়ে দিতে পারে। সমাজমাধ্যমে অনেকেই মনে করছেন যে, সারা আসলে রণবীরকে খুন করবেন নাকি তারা কোনও বড় ষড়যন্ত্রের অংশ হতে চলেছেন। সারার তীক্ষ্ণ অভিনয় আর রণবীরের বিধ্বংসী উপস্থিতি ট্রেলারটিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।
বলিউডে এখন শুধুই রণবীর সিং-এর গর্জন। বহুল প্রতীক্ষিত ছবি 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ'-এর ট্রেলার মুক্তি পেতেই উত্তাল নেটপাড়া। আদিত্য ধরের পরিচালনায় এই স্পাই থ্রিলারটি যে অ্যাকশনের সব সীমা ছাড়িয়ে যাবে, তার আভাস মিলেছে ট্রেলারেই। প্রায় সাড়ে তিন মিনিটের এই ভিডিওতে রণবীরকে দেখা যাচ্ছে এক বিধ্বংসী লুকে। গল্পের প্রেক্ষাপট পাকিস্তানের লেয়ারি শহর।
ছবির প্রথম ভাগে অক্ষয় খান্নার চরিত্র 'রহমান ডাকাত'-এর মৃত্যুর পর সেখানকার ক্ষমতা এখন হামজা অর্থাৎ রণবীর সিং-এর হাতে। ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালের মতো অভিনেতারা। আর বিশেষ চমক হিসেবে থাকছে সারা অর্জুন। জানা গিয়েছে, ছবিটির দৈর্ঘ্য প্রায় চার ঘণ্টা হতে পারে। আগাম বুকিংয়ের ক্ষেত্রেও ছবিটি রেকর্ড গড়ছে। জানা যাচ্ছে, ট্রেলার মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় পাঁচ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, 'ধুরন্ধর' ছবিটিতে 'হামজা আলি মাজারি'র চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিংকে। কিন্তু সে কীভাবে কেন এই বহুরূপ ধারণ করে পাকিস্তান এলেন, তাঁর আসল পরিচয় কী, কীভাবেই বা গুপ্তচর হলেন এমন নানা প্রশ্ন দর্শকদের মনে ঘুরপাক খেয়েছে। অবশেষে 'ধুরন্ধর ২' তথা 'ধুরন্ধর : দ্য রিভেঞ্জ' ছবিতে সেই উত্তর পাওয়া যাবে। জানা যাবে জ্যাসকৃত সিং রঙ্গীর কথা। সে কে, কী তার ইতিহাস সবটাই।
ধুরন্ধর ছবিটির মতোই মারকাটারি অ্যাকশন, ধুন্ধুমার দৃশ্য, নৃশংসতা ফুটে উঠল 'ধুরন্ধর : দ্য রিভেঞ্জ' ছবির ট্রেলার জুড়ে। সঙ্গে দেখা গেল জ্যাসকৃত সিং রঙ্গীর পূর্ব জীবনের ঝলক। সবটা মিলিয়ে 'ধুরন্ধর ২'-এর ট্রেলার যে দর্শকের প্রত্যাশা কয়েক গুণ বাড়িয়ে দিল সেটা বলার অপেক্ষা রাখে না।
