সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

অ্যাডভান্স বুকিংয়েই ঝড় তুলল 'ধুরন্ধর ২'! কত কোটির ব্যবসা করল? 

'ধুরন্ধর ২' ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এখন যেন সকলেই দিন গুনছে ছবি মুক্তির। আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। আর ১৮ মার্চ হবে পেইড প্রিমিয়ার। ইতিমধ্যেই ছবিটির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। আর মাত্র একদিনেই ১৮ মার্চের প্রিমিয়ারের জন্য এই ছবিটি ৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। শুধু তাই নয়, ২৪ ঘণ্টায় বিক্রি হল ৮৭ হাজার টিকিট! ফলে বুঝতেই পারছেন 'ধুরন্ধর ২' ছবিটি নিয়ে ভক্তদের উত্তেজনা কোন মাত্রায়। প্রসঙ্গত 'ধুরন্ধর ২' ওরফে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবিটি আগামী ১৯ মার্চ মুক্তি পাবে। একই দিনে আসার কথা ছিল 'টক্সিক' ছবিটির। কিন্তু বক্স অফিস ক্ল্যাশের ভয়ে সেই ছবি পিছিয়ে গেছে। আদিত্য ধর পরিচালিত এবং প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন রণবীর সিং, সারা অর্জুন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, প্রমুখকে। মুক্তি পাওয়ার আগে আমেরিকার বক্স অফিসে এই ছবি ইতিমধ্যেই তুমুল ব্যবসা করে ফেলেছে এই ছবি। এদিন ছবির ট্রেলার পোস্ট করে রণবীর লেখেন, 'বলেছিলাম ব্যাপারটা ব্যক্তিগত!' বলাই বাহুল্য ট্রেলার দেখে মুগ্ধ নেটপাড়া। 'ধুরন্ধর' ছবিটির মতোই মারকাটারি অ্যাকশন, ধুন্ধুমার দৃশ্য, নৃশংসতা ফুটে উঠল 'ধুরন্ধর : দ্য রিভেঞ্জ' ছবির ট্রেলার জুড়ে। সঙ্গে দেখা গেল 'জ্যাসকৃত সিং রঙ্গী'র পূর্ব জীবনের ঝলক। সবটা মিলিয়ে 'ধুরন্ধর ২' ছবিটির ট্রেলার যে দর্শকের প্রত্যাশা কয়েক গুণ বাড়িয়ে দিল সেটা বলার অপেক্ষা রাখে না। 

অনুরাগের পাশেই মুনাওয়ার-আলি 

সম্প্রতি ইউটিউবার অনুরাগ দোভাল যিনি ইউকে ০৭ নামেও পরিচিত তিনি তাঁর একটি ভিডিওতে দাবি করেন যে তাঁর পরিবার নাকি তাঁর উপর মানসিক অত্যাচার করত। কেন? কারণ তিনি জাতপাত না মেনে ইন্টারকাস্ট ম্যারেজ করেছেন। যদিও নেটপাড়ায় অনেকেই তাঁকে ট্রোল করেছেন যে এসব তিনি স্রেফ ভিউজ এবং ফুটেজ পেতে করেছেন। তাঁর এই ভিডিও দুর্ঘটনা হওয়ার পর ভাইরাল হয়েছে। এবার এই বিষয়ে আলি গোনি, মুনাওয়ার ফারুকিরা তাঁর পাশেই দাঁড়িয়েছেন। আলি তাঁর পোস্টে লেখেন, 'ওই ছেলেটি নিজের ভিডিও পোস্ট করে জানায় যে ওর জীবনে কী চলছে। আর লোকজন তাকে বদলে কী দিল? হাসি ঠাট্টা। এখন জানা যাচ্ছে চলন্ত গাড়িতে ও আত্মহত্যার চেষ্টা করেছে। আপনাদের লজ্জা লাগা উচিত ওকে নিয়ে এভাবে হাসাহাসি করার জন্য।' মুনাওয়ারও এদিন তাঁর পোস্টে লেখেন, 'আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলব। আমরা সবসময়ই বলি মানসিক স্বাস্থ্য খুব জরুরি। কিন্তু যখন কেউ নিজের সমস্যা নিয়ে কথা বলতে আসে, তখন তাকে নিয়ে মজা করি।' প্রসঙ্গত, অনুরাগ বর্তমানে চিকিৎসাধীন। 

'তাতিরি' গানে আপত্তিকর লিরিক্স, ট্রোল্ড হতেই কী জবাব বাদশার? 

বাদশার নতুন গান 'তাতিরি' সম্প্রতি যারপরনাই কটাক্ষের মুখে পড়েছে। কারণ? এই হবে মহিলাদের নিয়ে আপত্তিকর লিরিক্স রয়েছে। কেবল মহিলা নয়, শিশুদের নিয়েও। চরম ট্রোল্ড হতেই প্রতিক্রিয়া জানালেন বাদশা। জানালেন তিনি দুঃখিত এবং সমস্ত মাধ্যম থেকে তিনি তাঁর এই গানটিকে সরিয়ে নিচ্ছেন।