আরও এক নতুন নায়ক আসছেন জি বাংলার ধারাবাহিক 'কমলা নিবাস'-এ। কমলার ছোটমেয়ে ঝিনুকের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে সেই অভিনেতাকে। 'ঝিনুক'-এর চরিত্রে রয়েছেন অভিনেত্রী সংহতি ব্যানার্জি। ইতিমধ্যেই ধারাবাহিকে নায়কের ঝলক সামনে এসেছে। তবে মুখ পুরোপুরি সামনে আনা হয়নি। সূত্রের খবর, এই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে। ধ্রুবজ্যোতি টলিপাড়ার ভীষণ পরিচিত মুখ। বিভিন্ন ধারাবাহিকে ইতিবাচক হোক কিংবা নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের।
'কমলা নিবাস'-এর গল্পে দেখানো হচ্ছে এখন কমলা ও শ্রীনিবাসের বড়মেয়ে পল্লবীর বিয়ের আয়োজন হচ্ছে। হাতে টাকাপয়সা না থাকলেও বুকে স্বপ্ন আছে তাদের। তাই বাড়ি বন্ধক রেখে মেয়ের বিয়ের টাকা জোগাড় করে শ্রীনিবাস। অন্যান্য ছেলেমেয়েরা আগেই হাত তুলে দিয়েছে। জানিয়ে দিয়েছে যে, পল্লবীর বিয়ের জন্য তারা কোনও সাহায্য করতে পারবে না। যদিও ছেলেমেয়েদের ভরসা করে না শ্রীনিবাস। তাই নিজেই মেয়ের বিয়ের টাকা জোগাড় করে।
এদিকে, পল্লবীর বিয়ের আনন্দে বাড়ি মেতে উঠেছে। বোন ঝিনুকেরও দারুণ আনন্দ। ঝিনুক দিদিকে এসে মনের কথা জানায়, বলে তার ইচ্ছা তার জন্যও যেন কোনও রাজপুত্রের মতো বর আসে। আর ঠিক সেই সময়ই ধ্রুবকে এক ঝলক দেখানো হয়। ফলে বোঝাই যাচ্ছে, ঝিনুকের হিরো হতে চলেছেন তিনিই।
প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন পরমব্রত চ্যাটার্জি। তাঁকে দেখা যাচ্ছে দেবাদৃতা বসুর সঙ্গে। গল্পে পরমব্রতর নাম 'সৌরভ'। অন্যদিকে দেবাদৃতাকে দেখা যাচ্ছে 'পল্লবী'র চরিত্রে। সৌরভ ও পল্লবীর জুটির বিয়ে হবে এমনটাই দেখানো হচ্ছে গল্পে।
কিন্তু টলিপাড়ার অন্দরের খবর দেবাদৃতার নায়ক নাকি পরমব্রত নন, অন্য কেউ। দেবাদৃতাকে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতা ঋদ্ধিষ চৌধুরীর সঙ্গে। ইতিমধ্যেই ধারাবাহিকে ঋদ্ধিষের চরিত্রের ঝলক দেখা গিয়েছে। তাঁর চরিত্রের নাম 'আদিত্য'।
রাজনীতির সঙ্গে যুক্ত আদিত্যর পরিবার। আর সে বাউন্ডুলে ছেলে। কীভাবে পল্লবীর সঙ্গে আলাপ হবে তার, সেটাই দেখার। টলিপাড়ার অন্দরের খবর, পল্লবীর কুষ্ঠিতে যেহেতু দোষ রয়েছে, তাই সৌরভের সঙ্গে বিয়ে হতে গিয়ে একটা অঘটন ঘটবে। আর তারপরেই আদিত্যর সঙ্গে পল্লবীর জুটি দেখানো হবে। অর্থাৎ, পরমব্রত এই ধারাবাহিকে ক্যামিও চরিত্রে রয়েছেন। খুব বেশিদিন আর তাঁকে দেখা যাবে না।















