অভিনেতা, প্রযোজক, সাংসদের পর এবার নতুন ভূমিকায় দেব। এবার ফেডারেশনের গিল্ডের সদস্য হতে চলেছেন তিনি। সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সাম্মানিক সদস্যপদ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে দেবকে। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, দেব এই সদস্যপদ গ্রহণ করেছেন। এই গিল্ডও ফেডারেশনের আওতায়। ফলে এই প্রথমবার কোনও অভিনেতা, প্রযোজক ফেডারেশনের সদস্যপদ পেলেন।
এই গিল্ডের সম্পাদক মহম্মদ হাসানুজ্জামান সমাজমাধ্যমে লেখেন, 'বিগত ২০ বছর ধরে বাংলা চলচ্চিত্রে আপনার অনন্য অবদান ও কৃতিত্ব আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আমাদের সংস্থার সদস্যপদ গ্রহণ করে এবং আপনার মতো একজন কৃতি ও খ্যাতিমান ব্যক্তিত্ব, আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আপনার এই সম্মতিতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

দেব এই পোস্ট নিজের সমাজমাধ্যমে ভাগ করে লেখেন, 'আমাকে এই সন্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি চাই আরও অনেক বাংলা সিনেমা তৈরি হোক এবং আমাদের টেকনিশিয়ানরা আরও বাংলার ও বাইরের কাজের সুযোগ পাক।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
ওই গিল্ডের সদস্যপদের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠিতে দেবকে লেখা হয়েছে, 'গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা সহ জানাই যে, আপনার দীর্ঘদিনের বিনোদন ও সামাজিক অবদান, অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য আমাদের সংগঠন সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন গভীরভাবে অনুপ্রাণিত। আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সংগঠনের বর্তমান কমিটি সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আপনাকে সাম্মানিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সানন্দে আমন্ত্রণ জানানো হচ্ছে।'
চিঠিতে আরও লেখা, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার মূল্যবান পরামর্শ, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের সংগঠনের ভবিষ্যৎ পথচলাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে।
আপনি অনুগ্রহ করে এই সম্মানজনক প্রস্তাবটি গ্রহণ করে আমাদের সংগঠনকে গৌরবান্বিত করবেন এই প্রত্যাশা রইল। সম্মানিত আগমনে গৌরবান্বিত আমরা আপনাকে স্বাগত জানাই।'















