অভিনেতা, প্রযোজক, রাজনীতিবিদের পর এবার নতুন ভূমিকায় দেব। এবার ফেডারেশনের গিল্ডের সদস্য হতে চলেছেন তিনি। সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সাম্মানিক সদস্যপদ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে দেবকে। একটি চিঠিতে দেবকে লেখা হয়েছে, 'গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা সহ জানাই যে, আপনার দীর্ঘদিনের বিনোদন ও সামাজিক অবদান, অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য আমাদের সংগঠন সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন গভীরভাবে অনুপ্রাণিত।
আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সংগঠনের বর্তমান কমিটি সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আপনাকে সাম্মানিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সানন্দে আমন্ত্রণ জানানো হচ্ছে।'

চিঠিতে আরও লেখা, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার মূল্যবান পরামর্শ, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের সংগঠনের ভবিষ্যৎ পথচলাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে।
আপনি অনুগ্রহ করে এই সম্মানজনক প্রস্তাবটি গ্রহণ করে আমাদের সংগঠনকে গৌরবান্বিত করবেন এই প্রত্যাশা রইল। সম্মানিত আগমনে গৌরবান্বিত আমরা আপনাকে স্বাগত জানাই।'

ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, দেব এই সদস্যপদ গ্রহণ করেছেন। এই গিল্ডও ফেডারেশনের আওতায়। ফলে এই প্রথমবার কোনও অভিনেতা, প্রযোজক ফেডারেশনের সদস্যপদ পেলেন। এই বিষয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস আজকাল ডট ইন-কে বলেন, "সাধারণত কোনও গিল্ড বা সরাসরি ফেডারেশনের সদস্য হতে পারে না কোনও অভিনেতা বা প্রযোজক। এই বিষয়টা নিয়ে আমার তেমনভাবে কিছু জানা নেই। এটা পুরোপুরি তর্ক সাপেক্ষ একটা বিষয় বলে আমি কোনও মন্তব্য করতে চাই না।"

প্রসঙ্গত, দেবের সঙ্গে এর আগে স্বরূপ বিশ্বাসের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। টেকনিশিয়ানদের স্বাস্থ্য সাথী কার্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তর্জা। দেবের বক্তব্য ছিল, স্বরূপ বিশ্বাস স্বাস্থ্য সাথীর বিরোধীতা করছেন। তবে নিজের সপক্ষে যুক্তি দিয়ে ফেডারেশন সভাপতি জানিয়েছিলেন যে, তিনি বিরোধীতা করেননি, বরং একটি বিকল্প প্রকল্পের ব্যবস্থা করেছিলেন টেকনিশিয়ানদের স্বার্থেই।