'আজ বসন্তের গায়ে হলুদ...,' এই গানের লাইনটা যেন আজ আরও বিশেষ হয়ে উঠেছে অভিনেতা দেবাশিস রায়ের ক্ষেত্রে। যদিও আজ তাঁর গায়ে হলুদ নয়, ৪ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা। তাই হিন্দু শাস্ত্র মতে আগামিকাল গায়ে হলুদ তাঁর। দেবাশিসের বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে অনেকদিন আগেই। প্রায় ছ'বছরের প্রেমপর্ব এবার পরিণতি পেতে চলেছে। পাত্রী ইন্ডাস্ট্রির কেউ নন, পেশায় শিক্ষিকা সোনালী শীল। দু'জনের আলাপ সোশ্যাল মিডিয়ার দৌলতে। 

হবু বরকে আইবুড়ো ভাত খাওয়ালেন পরিচালক, অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। তথাগতর 'রাস'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল দেবাশিসকে। সেই থেকেই দু'জনের মধ্যে দারুণ ভাব‌। দেবাশিসের আইবুড়ো ভাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে তথাগত লেখেন, 'দেবাশীষ আইবুড়ো থেকে বুড়ো থুড়ি বিবাহিত হওয়ার পথে...আসামীর ফাঁসির আগে শেষ পছন্দমাফিক খাওয়া দাওয়া.....#শেষ হাসি।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

বিয়ের আগের দিনের প্রস্তুতি নিয়ে জানার জন্য আজকাল ডট ইন-এর পক্ষ থেকে দেবাশিসের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিনেতার কথায়, "আমি কিন্তু খুববেশি গোছগাছের মধ্যে নেই। কিছুদিন আগে পর্যন্ত শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম। রণিত রায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে জয়িতা বলে একটা ছবি করছি‌। সেই জন্য বিয়ের সমস্ত কাজ বাড়ির লোকই সামলেছেন।"

প্রেমের শুরুট কীভাবে হয়েছিল, দেবাশিসের কথায়, "আমার আর সোনালীর আলাপ ফেসবুকেই। লকডাউনের সময় আমার বেশ কয়েকটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। সেগুলো দেখে ওর ভাল লাগে, কথা শুরু হয়। তারপর আস্তে আস্তে বন্ধুত্ব, আর তারপর প্রেম। বিয়ের কথা উঠতেই ওর বাড়ি থেকে একটু আপত্তি এসেছিল ঠিকই। আসলে অভিনেতাদের তো স্থায়ী মাসিক আয় বলে ওরকম কিছু হয় না। তাই হয়তো একটু সঙ্কোচ বোধ করছিলেন ওঁরা‌। যদিও পরে সব ঠিক হয়ে যায়।"

দেবাশিস আরও বলেন, "সোনালী আসলে আমার উত্থানের প্রতিটা ধাপ নিজের চোখে দেখেছে। অপরাজিততে সুযোগ, তারপর পারিয়ার সুযোগের জন্য লড়াই, তারপর বলিউডে গিয়ে খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার-এর মতো সিরিজে সুযোগ, সবটাই ও দেখেছে। আমার মন বুঝেছে, খারাপ সময়ের সঙ্গী হয়েছে। আমাদের মতো শিল্পীরা তো এটুকুই চায় যে কেউ একজন তাঁর মতো করে স্বপ্ন বোনার সঙ্গী হোক। সোনালী আমার জীবনে আসায়, পূর্ণতা পেয়েছি। নতুন জীবনে যেন এভাবেই এগিয়ে যেতে পারি।"

প্রসঙ্গত, দেবাশিসকে দর্শক কিছুদিন আগেই 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'-এ দেখেছিলেন। রাপ্পার বন্ধু টনির চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন তিনি। আগামীতেও আসছে দেবাশিসের একগুচ্ছ কাজ।