বলিউডের কমেডি ঘরানার অন্যতম সফল পরিচালক ডেভিড ধাওয়ান। গোবিন্দা, সলমন খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সব বড় তারকাদের সঙ্গেই কাজ করেছেন তিনি। কিন্তু একটা আক্ষেপ দর্শকদের মধ্যে রয়েই গিয়েছিল—শাহরুখ খানের সঙ্গে কেন কাজ করেননি ডেভিড? দীর্ঘ ৩৭ বছরের কেরিয়ারে কেন ‘কিং খান’ আর ‘ডেভিড ম্যাজিক’ কখনও একসঙ্গে পায়নি দর্শক? সম্প্রতি এক সাক্ষাৎকারে অবশেষে সেই রহস্য ফাঁস করলেন স্বয়ং পরিচালক।
বলিউডের ‘কমেডি কিং’ পরিচালক ডেভিড ধাওয়ান ফিরছেন দীর্ঘ ছয় বছরের বিরতি ভেঙে। তাঁর নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ নিয়ে চর্চার শেষ নেই। তবে ছবির চেয়েও বেশি শোরগোল উঠেছে ডেভিডের একটি সাম্প্রতিক মন্তব্য নিয়ে। কেন শাহরুখ খানের সঙ্গে কখনও কাজ করলেন না তিনি?
ডেভিড ধাওয়ান স্পষ্ট ভাষায় বলেন, “এমনটা নয় যে আমি তাঁর সঙ্গে কাজ করতে চাইনি। এক সময় আমাদের একসঙ্গে কিছু করার পরিকল্পনাও ছিল। কিন্তু আমি বরাবরই খুব ব্যস্ত থাকতাম। সবসময় আমার হাতে দুটো ছবি ফ্লোরে থাকত। ফলে শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ বের করা খুব কঠিন ছিল। তবে একটা সময়ে কিন্তু এই পরিকল্পনা এগিয়েছিল ।” তিনি আরও যোগ করেন, “এরকম কখনওই ছিল না যে আমি শুধুমাত্র নির্দিষ্ট কিছু অভিনেতার সঙ্গেই কাজ করব। আমি গোবিন্দা, সলমন, সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করেছি কারণ ওদের সঙ্গে সেভাবেই কাজগুলো মিলেমিশে গিয়েছিল। এটা কোনও পরিকল্পিত বিষয় ছিল না।”
ডেভিড ধাওয়ানের কামব্যাক ফিল্ম ‘হাই জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এ মুখ্যভূমিকায় অভিনয় করছেন বরুণ ধাওয়ান। এটি বাবা-ছেলের চতুর্থ কোলাবরেশন। বরুণের বিপরীতে দেখা যাবে ম্রুণাল ঠাকুর এবং পূজা হেগড়েকে। এছাড়াও মৌনী রায়, রাজেশ কুমার, মনীশ পলের মতো শিল্পীরা রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
তবে ছবি মুক্তির আগেই ছোটখাটো বিতর্কের মুখে পড়েছিল এই প্রজেক্ট। ছবির ফার্স্ট লুকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার দেখে নেটিজেনরা রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন। অনেকে আশঙ্কা করেছিলেন, পুরো ছবিতেই হয়তো এমনটা দেখা যাবে। তবে ডেভিড ধাওয়ান দ্রুত সেই জল্পনা থামিয়ে সাফ জানিয়েছেন, “এআই বেবিদের শুধুমাত্র ফার্স্ট লুকের ভিডিওর জন্যই ব্যবহার করা হয়েছিল, সিনেমায় এমন কিছু নেই।”
ছবিটি মূলত ৪ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর সঙ্গে বক্স অফিস সংঘাত এড়াতে নির্মাতারা মুক্তির তারিখ এগিয়ে এনেছেন। এখন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২২ মে, ২০২৬। দীর্ঘ ছয় বছর পর ডেভিড ধাওয়ানের কমেডি ঘরানা বড় পর্দায় ফিরছে, যা নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। শাহরুখের সঙ্গে কাজ না হলেও, বরুণের সঙ্গে ডেভিডের নতুন এই রসায়ন বক্স অফিসে কী ম্যাজিক দেখায়, সেটাই এখন দেখার বিষয়!















