আসছে 'দাদাগিরি'র নতুন সিজন। এই সিজনের সঞ্চালনার ভার টলিউডের 'মেগাস্টার' দেবের উপর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই রিয়্যালিটি শো-এর প্রোমো‌। খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় দর্শক দেখবেন দেবের 'দাদাগিরি'। এতদিন 'দাদাগিরি'র টাইটেল ট্র্যাকে শোনা যেত অরিজিৎ সিং-এর কণ্ঠ। এবার সঞ্চালক বদলানোর পাশাপাশি বদলে গেল 'দাদাগিরি'র ট্র্যাকও। 

নতুন সিজনের টাইটেল ট্র্যাকে শোনা যাচ্ছে ঈশান মিত্রর কণ্ঠ। নতুন সূচনা নিয়ে কী বলছেন ঈশান? কেমন অনুভূতি? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল গায়কের সঙ্গে। তাঁর কথায়, "একদিন হঠাৎ করেই অভিজিৎদা (পরিচালক অভিজিৎ সেন) ডেকে পাঠান। আমায় বলেন, দাদাগিরি অন্যভাবে আসছে তার জন্য নতুন টাইটেল ট্র্যাক লাগবে। আমি দেখলাম দেবদা এবার সঞ্চালক হচ্ছে। এত বছর দেবদার সঙ্গে কাজ করেছি। তাই এই সুযোগটা প্রাপ্তি হিসেবেই নিয়েছি।"

ঈশান বলেন, "চেষ্টা করেছি যাতে দর্শকের কাছে একেবারে অচেনা না লাগে ট্রাকটা। অরিজিৎ সিং-এর কণ্ঠে এতদিন শুনতে অভ্যস্ত ছিলেন তাঁরা। আমি আমার মতো করে চেষ্টা করেছি। এটা একটা নতুন উদ্যোগ, আশা করি দর্শকের ভাল লাগবে।"

সদ্য প্রকাশ্যে আসা 'দাদাগিরি'র প্রোমোয় দেখা যাচ্ছে, দেব ঘুমের ঘোরে এই রিয়্যালিটি শো-এর সঞ্চালনার স্বপ্ন দেখছেন। ঘুম ভাঙতেই তিনি ভাবছেন কোথায় সৌরভ গাঙ্গুলি আর কোথায় তিনি! তুলনাই করতে পারছেন না। এদিকে, বাড়ির পরিচারিকা থেকে শুরু করে গাড়ির ড্রাইভার সবাই তাঁকে বলেন 'দাদাগিরি'র প্রস্তাবটা গ্রহণ করতে। কিন্তু মনে মনে কিছুতেই সাহস পান না দেব। এরপর যিশু সেনগুপ্ত ও আবির চ্যাটার্জি তাঁকে বোঝান তাঁর জগতে তিনিই তো দাদা, তাঁরা যদি পারেন তাহলে দেবও পারবেন। মনোবল বেড়ে যায় দেবের। 'দাদাগিরি'র নতুন সঞ্চালক হিসেবে এগিয়ে আসেন। এই প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই আরও যেন উৎসাহ বেড়েছে দেব-ভক্তদের। ইতিমধ্যেই জেলায় জেলায় চলছে অডিশন। খুব তাড়াতাড়ি নতুন মোড়কে আসছে 'দাদাগিরি'।