ঠিক ১৪ বছর আগে, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’ সিনেমাটি বলিপাড়ার রোম্যান্টিক-ড্রামার সংজ্ঞা বদলে দিয়েছিল। সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টির সেই ত্রিকোণ প্রেমের গল্প আজও সিনেপ্রেমীদের মনে টাটকা। এবার দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর, সেই নস্টালজিয়াকে সঙ্গী করে সিক্যুয়েল নিয়ে ফিরছেন পরিচালক হোমি আদাজানিয়া। অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ -এর ট্রেলার। আর প্রথম ঝলকেই শাহিদ কাপুর, কৃতি শ্যানন এবং রশ্মিকা মন্দানা-র জটিল সম্পর্কের রসায়ন দেখে ঘুম উড়েছে দর্শকদের।
ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে বলিপাড়ার ‘ওরিজিনাল চকোলেট বয়’ শাহিদ কাপুরকে, যিনি প্রেম, ভালবাসা এবং সম্পর্কের সমীকরণ নিয়ে একটি গভীর দার্শনিক বার্তা দিচ্ছেন। ছবির আবহে ভেসে আসে শাহিদের গলার স্বর। তাঁকে বলতে শোনা যায়: “যেকোনও সম্পর্ক যখন নতুন হয়, তা উত্তেজনাপূর্ণ হয় কারণ সেটা নতুন। নতুন বন্ধুদের গল্প আমাদের ভাল লাগে। পুরনো বন্ধুদের একই গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু ভালবাসা হল সেই ছেঁড়া টি-শার্টের মতো, যা পরে অন্তত দু’রাত্রি শান্তিতে ঘুমানো যায়। কিন্তু যখন ভালবাসা বন্ধুত্বের রূপ নেয়, আর বন্ধুত্বের মাঝে ভালবাসা ঢুকে পড়ে— তখন সেখান থেকে বেরোনোর একটাই রাস্তা থাকে...”
ঠিক এই আবেগঘন মুহূর্তেই শাহিদের গম্ভীর সংলাপে জল ঢেলে দিয়ে কৃতির চরিত্রের মজাদার ও বোল্ড এন্ট্রি হয়। কৃতি হুট করে বলে ওঠেন— “যেমন একটা থ্রিসাম ?” আর এখান থেকেই ট্রেলারের মূল মোড় ঘুরে যায়।
এরপরই ট্রেলারের ফ্রেম শিফট হয় ইতালির মনোরম ও চোখজুড়ানো লোকেশনে। সেখানে এই তিন তারকাকে একসাথে দুর্দান্ত সময় কাটাতে দেখা যাচ্ছে। গল্প অনুযায়ী, শাহিদ ও রশ্মিকা মন্দনার চরিত্রটি একে অপরের সাথে রোমান্টিকভাবে জড়িয়ে রয়েছে। অন্যদিকে, কৃতি শ্যানন হলেন শাহিদের বেস্ট ফ্রেন্ড বা পরম বন্ধু। কিন্তু ধীরে ধীরে শাহিদের প্রতি কৃতির মনেও ভালবাসার উদ্রেক হয়।
বন্ধুত্ব আর ভালবাসার এই ওভারল্যাপিংয়ের কারণে তিনজনের গ্রুপে তৈরি হয় তীব্র মানসিক টানাপোড়েন। ট্রেলারের শেষের দিকে দেখা যায়, শাহিদের মন জয় করতে কৃতি ও রশ্মিকা— দু’জনেই মরিয়া। এমনকি দু’জনে এই নিয়ে তুমুল ঝগড়াও শুরু করে দেন যে, শেষ পর্যন্ত কে শাহিদের ‘বউ’ বা কনে হবেন! মাঝখান থেকে শাহিদ পড়েন চরম উভয়সংকটে। এই ট্রেলারের অন্যতম বড় চমক হল ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠা আসল ছবির ব্লকবাস্টার গান ‘তুমি হি হো বন্ধু’-র রিমিক্স ভার্সন, যা নিমেষের মধ্যে দর্শকদের স্মৃতি উসকে দিয়েছে।
ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় আসতেই লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। কমার্শিয়াল মশলা ও আধুনিক সম্পর্কের এই মেলবন্ধন বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের।
একজন নেটিজেন কমেন্ট করেছেন, “কৃতির ওই ‘থ্রিসাম’ ডায়লগটাই আমাকে হুকড করে দিল!”, শাহিদের চকোলেট বয় লুকে ফেরার প্রশংসা করে একজন লিখেছেন, “অবশেষে ওজি চকোলেট বয় ইজ ব্যাক।” অন্য একজন লিখেছেন, “শাহিদ + কৃতি + রশ্মিকা = পুরো আগুন।”
সিক্যুয়েলের সমালোচনা করেও এক অনুরাগী লিখেছেন, “আমি জানি এটা নস্টালজিয়া ক্যাশ করার একটা সিক্যুয়েল টোপ, তাও স্বীকার করতেই হবে ট্রেলারটা বেশ ফ্রেশ লাগছে।”
হোমি আদাজানিয়া পরিচালিত ২০১২ সালের আসল ‘ককটেল’ ছবিটি বক্স অফিসে মাত্র ৪৫ কোটি টাকার বাজেটে তৈরি হয়ে বিশ্বজুড়ে ১২১ কোটি টাকার বাম্পার ব্যবসা করেছিল। এবারের ‘ককটেল ২’ মূলত একটি স্পিরিচুয়াল সিক্যুয়েল। ছবিটির যৌথ প্রযোজনা করেছেন দীনেশ বিজন, লাভ রঞ্জন, প্রমিতা আর. বিজন এবং অঙ্কুর গর্গ। ছবির মায়াবী গানগুলোর সুর বেঁধেছেন প্রীতম। গতকাল, ১ জুন দেশের মুক্তি পেয়েছে এই রোম্যান্টিক-কমেডি ড্রামার ঝলক। আপাতত তাতেই বুঁদ দর্শকেরা। এখন দেখার, থিয়েটারে শাহিদের এই ত্রিকোণ প্রেমের জটিল হিসাব কতটা বক্স অফিস সফল হয়!
















