নবান্নে গিয়েছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। কী নিয়ে কথা হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে? প্রসেনজিৎ জানালেন টলিউড নিয়ে কথা হয়েছে৷ মহানায়ক উত্তম কুমারের বিষয় কথা হয়েছে৷ পশ্চিমবঙ্গের মানুষ এটুকু বিশ্বাস করুন, আমার সঙ্গে কারও কোনও রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়নি৷ সেদিনও হয়নি, আজও হয়নি৷ যেটা হয়েছে সেটা আমাদের ইন্ড্রাস্ট্রির কথা৷ উত্তমজেঠুর ১০০ বছর, উত্তমকুমার বাঙালির আবেগ তাই সেই বিষয় নিয়ে কথা হয়েছে৷
"উত্তমজেঠুর ১০০ বছরের বিশেষ উদযাপন নিয়ে পরিকল্পনা করা হচ্ছে৷ সেই বিষয় কথা হয়েছে৷ আমি মনে করি উত্তমকুমার কেবল পশ্চিমবঙ্গের নন, সারা ভারতবর্ষের এমনকি দেশের বাইরেও উত্তমকুমার সকলের প্রিয়৷ আগামী ১০০ বছর পরেও তাঁকে উদযাপন করা হবে৷"
প্রসেনজিৎ চ্যাটার্জি নবান্নে যাওয়ার পর থেকেই গুঞ্জন, অভিনেতা এবার হয়তো বিজেপিতে যোগাদান করবেন৷ এই বিষয় প্রসেনজিৎ বলেন, " আমি চারিদিকে দেখছি, হোয়াটসঅ্যাপে আসছে আমার কাছে, যাঁরা বলছেন এসব তাঁরা বিশ্বাস করুন শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের অনেক কথা থাকে, আমাদের অনেক প্রয়োজন থাকে। সেই কথাগুলো বলার জন্য এসেছি৷"
আগামী দিনে সরকারি কোনও দায়িত্ব প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেওয়া হতে পারে কি? সেই বিষয় এখনও কিছু নিশ্চিত করেননি প্রসেনজিৎ চ্যাটার্জি।
অভিনেতা বলেন, " এই বিষয় এখনই কিছু বলতে পারব না৷ এসব নিয়ে আলোচনাও হয়নি৷ সকলেই জানেন আমি আমার ইন্ড্রাস্ট্রির জন্য সবসময় আছি৷ রাত দুটোয় ডাকলেও আমাকে পাবেন৷ মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমি কোনও একটা কমিটিতে থাকলে আমার ইন্ড্রাস্ট্রির সকলের উন্নতি হবে, আমার সামান্য পরামর্শেও ইন্ড্রাস্ট্রির যদি কোনও উন্নতি হয়, উনি যদি কখনও ডাকেন, তাহলে কেন আসব না? এটা তো আমার জায়গা৷"
৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় এসেছিলেন অমিত শাহ৷ এইদিন প্রসেনজিৎ চ্যাটার্জির বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মিনিট পনেরো ছিলেন অভিনেতার বাড়িতে৷
প্রসেনজিৎ চ্যাটার্জির বালিগঞ্জে বাড়িতে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছিলেন, "বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে ওঁর বাসভবনে কিছুক্ষণ সময় কাটালাম৷ গত ১২ বছরে মোদি সরকারের বিশেষ জনসংযোগ অভিযান এর ঐতিহাসিক সাফল্য সম্পর্কে তাঁকে অবহিত করলাম৷"
অমিত শাহের পোস্ট শেয়ার করে প্রসেনজিৎ চ্যাটার্জি লিখেছিলেন, "আপনাকে আমার বাড়িতে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করেছি, অমিত শাহজি। আপনার আন্তরিক আগমন, এবং আমাকে উপহার হিসেবে দেওয়া বইগুলির জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার সঙ্গে কাটানো সময়, আমার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আপনার এই সৌজন্যের নিদর্শন আমি সযত্নে লালন করব। আপনার এই আগমনে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।"















