হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ জসবীর কৌর। 'সিআইডি' ধারাবাহিকে ইনস্পেক্টর 'কাজল'-এর চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের জীবনের এক কঠিন সময় প্রকাশ্যে এনেছেন জসবীর। যা নিয়ে বেশ কৌতূহল চলছে অনুরাগীদের মনে।

এক সাক্ষাৎকারে জসবীর জানান, 'সিআইডি' থেকে হঠাৎ করে তাঁকে বাদ দেওয়া হয়। এরপরই তাঁর জীবনে খুব কঠিন সময় নেমে এসেছিল। সেই ঘটনার ধাক্কায় তিনি টানা ৪৫ দিন ধরে কেঁদেছিলেন। জসবীর জানিয়েছেন, তিনি প্রায় দু'বছর ধরে নিয়মিতভাবে 'সিআইডি'-র শুটিং করছিলেন। প্রতিদিন দীর্ঘ সময় ধরে শুটিং করতে হত এবং তিনি নিজের কাজ নিয়ে খুবই মনোযোগী ছিলেন। কিন্তু একদিন হঠাৎ করেই তাঁকে অফিসে ডেকে বলা হয় যে তিনি আর এই শো-এর অংশ থাকবেন না। এই সিদ্ধান্ত তাঁর কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। 

তিনি জানিয়েছেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তাঁর কাজ হারানোর পিছনে কোনও ব্যক্তি বা প্রযোজক নন, বরং 'কালো জাদু' বা অতিপ্রাকৃত কোনও শক্তির হাত ছিল।

জসবীর এক সাক্ষাৎকারে তাঁর জীবনের এক কঠিন সময়ের কথা তুলে ধরেন। তিনি জানান, সেই সময়টা তাঁর জন্য এতটাই ভয়াবহ ছিল যে তাঁর চুল কেটে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। অভিনেত্রীর দাবি, এটি স্পষ্টতই 'ব্ল্যাক ম্যাজিক' বা তুকতাক ছিল, যার প্রভাবে তাঁর কেরিয়ারে একের পর এক বাধা আসতে শুরু করে। হঠাৎ করেই তাঁর ব্যবহার খারাপ হওয়া, হাঁটার ধরন বদলে যাওয়া এবং বিনা কারণে চিত্রনাট্য নিয়ে বাড়তি মাথা ঘামানোর মতো অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠতে থাকে। এমনকী তাঁকে অশ্রাব্য ভাষা ব্যবহারের দায়েও অভিযুক্ত করা হয়েছিল, যা তিনি অস্বীকার করেছেন।

এই ঘটনার সময় তাঁর সহ-অভিনেতারা অন্তত পাশে দাঁড়াবেন আশা করেছিলেন জসবির। কিন্তু তাঁর কথায়, কেউই প্রতিবাদ করেননি বা তাঁকে সমর্থন করেননি। এতে তিনি আরও বেশি ভেঙে পড়েন। জানা যাচ্ছে, শো থেকে বাদ পড়ার পর তাঁর মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। জসবীর জানান, তিনি প্রায় দেড় মাস ধরে প্রতিদিন কাঁদতেন। তাঁর মা তাঁকে এভাবে কাঁদতে দেখে খুবই কষ্ট পেতেন। এই ঘটনার পরে তিনি কিছুদিন ডিপ্রেশনের মধ্যেও ভুগেছিলেন।

শুধু মানসিক নয়, পেশাগত জীবনেও এর প্রভাব পড়ে। 'সিআইডি' ছাড়ার পর বেশ কয়েক বছর তাঁর হাতে তেমন বড় কাজ আসেনি। তিনি বলেন, প্রায় সাত বছর ধরে ছোট ছোট ক্যামিও চরিত্র করে কোনওভাবে নিজের কেরিয়ার টিকিয়ে রেখেছিলেন। সেই সময় আর্থিক সমস্যাও ছিল। তবে এত সমস্যার মধ্যেও তিনি অভিনয় ছাড়েননি। ধীরে ধীরে আবার টেলিভিশনে কাজের সুযোগ পান এবং নতুন ধারাবাহিকে অভিনয় শুরু করেন। জসবীরের এই মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই এখন রীতিমতো তা ভাইরাল।