মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে যশ অভিনীত প্যান-ইন্ডিয়া অ্যাকশন ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রাউন-আপস’। ট্রেলার এখনও প্রকাশ পায়নি, তার আগেই টিজার ঘিরে সমালোচনা থেকে বিতর্ক তুঙ্গে। নারী কমিশনের আপত্তির পর এবার এক খ্রিস্টান সংগঠন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-সহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
ন্যাশনাল খ্রিস্টান ফেডারেশন (এনসিএফ) চলচ্চিত্র চেম্বার অফ কমার্স, রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব এবং সিবিএফসি-র কাছে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, টিজারে আর্ক এঞ্জেল মাইকেলের প্রতিকৃতি-সহ কিছু দৃশ্য ‘অশোভন’ ও ‘অপমানজনক’। সংগঠনের বক্তব্য, এই উপস্থাপনা খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে তীব্রভাবে আঘাত হেনেছে।
অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে একটি দৃশ্যের কথা, যেখানে কবরস্থানের বাইরে দাঁড়ানো একটি গাড়ির ভেতরে উদ্দাম যৌনতা দেখানো হয়। এরপর একই কবরস্থানে বন্দুকবাজি, বোমাবাজির দৃশ্য রয়েছে। অভিযোগকারীদের মতে, ওই প্রাঙ্গণে আর্কএঞ্জেল মাইকেলের মূর্তি-সহ একাধিক ধর্মীয় প্রতীক রয়েছে, যা এই দৃশ্যের প্রেক্ষাপটকে খ্রিস্টানধর্ম অবলম্বীদের আরও স্পর্শকাতর করে তুলেছে।এনসিএফ অবিলম্বে ওই দৃশ্যগুলি সরানোর দাবি জানিয়েছে এবং ইউটিউব-সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে টিজার নামিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। গত মাসে কেভিএন প্রোডাকশনস টিজারটি প্রকাশ করে, যেখানে যশের প্রথম লুক সামনে আসে।
এর আগেও টিজারের ‘গ্রাফিক’ যৌন দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়। একাংশ দর্শক সেই দৃশ্যকে ‘অপ্রয়োজনীয়’ ও ‘কুরুচিকর’ বলে মন্তব্য করেন। নারীর মর্যাদাহানির অভিযোগে নির্মাতাদের বিরুদ্ধে পৃথক অভিযোগও দায়ের হয়। পরিস্থিতি এতটাই তীব্র হয়ে ওঠে যে টিজারে উপস্থিত অভিনেত্রী বিয়াত্রিজ টাউফেনবাখ সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেন।
তবে সমালোচনার পাশাপাশি ছবিটি সমর্থনও পেয়েছে চলচ্চিত্র মহলের একাংশের কাছ থেকে। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক আলোচনায় পরিচালক অনুরাগ কাশ্যপ টিজার ঘিরে বিতর্কের প্রসঙ্গে বলেন, এই ক্ষোভ আমাদের ‘সাংস্কৃতিক ভণ্ডামি’-কেই সামনে আনে। তাঁর মতে, পর্দায় পুরুষ অভিনেতাদের মাচো ইমেজ বা নগ্ন শরীর নিয়ে প্রশ্ন ওঠে না, কিন্তু কোনও নারী নিজের যৌনতা প্রকাশ করলে আপত্তি তৈরি হয়। তিনি ছবিটিকে ‘অত্যন্ত সাহসী প্রয়াস’ বলেও উল্লেখ করেন।
গীতু মোহনদাস পরিচালিত টক্সিক-এ যশ ছাড়াও রয়েছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আডবাণী, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। ইয়াশ ও গীতু যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। একই দিনে রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত ‘ধুরন্ধর ২’-এর সঙ্গেও বক্স অফিসে সংঘর্ষে নামবে ‘টক্সিক’।
‘টক্সিক’-এর টিজার ঘিরে এই বিতর্ক শেষ পর্যন্ত ছবির ভবিষ্যৎ নির্ধারণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর বলিউড মহলের।
