রাহুল অরুণোদয় ব্যানার্জির মর্মান্তিক মৃত্যুর পর শুটিং চলাকালীন নিরাপত্তা সহ একাধিক বিষয়ে নড়েচড়ে বসে টলিপাড়া। গত ৭ এপ্রিল বৈঠকের ডাক দেয় আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা। সেখানেই সিদ্ধান্ত হয়, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স সংস্থার সঙ্গে আর কোনও শিল্পী বা টেকনিশিয়ান কাজ করবেন না। আগেই শোনা গিয়েছিল বন্ধ হচ্ছে 'ভোলে বাবা পার করেগা'। এরপর 'চিরসখা' ধারাবাহিক নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।
‘আর্টিস্ট ফোরাম’-এর সিদ্ধান্তের পরে আগামী ১২ এপ্রিল অর্থাৎ রবিবার ‘চিরসখা’র শেষ পর্ব সম্প্রচারিত হবে। আচমকা এই সিদ্ধান্তে ধারাবাহিকটির সঙ্গে যুক্ত অনেক তারকাই ভেঙে পড়েছেন। বৃহস্পতিবার এনিয়ে আবেগপ্রবণ পোস্ট করেন ধারাবাহিকের 'মিঠি' অর্থাৎ ঐশী ভট্টাচার্য। নিজের সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেন তাঁর অনুভূতি।
এদিন ঐশী লিখেছেন, “আমি মনে মনে জানতাম, যেদিন শেষ হবে আমাদের চিরসখা, বড্ড কষ্ট হবে। সব কাজের পরেই খারাপ লাগা থাকে, তবে এবার কষ্টের তীব্রতা বেশী হবেই।”
‘চিরসখা’-তে সহঅভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কেমন সম্পর্ক ছিল ‘মিঠি’র? তাঁর কথায়, “চিরসখাতে যাদের সঙ্গে কাজ করলাম তাদের প্রায় সকলের সঙ্গেই আমার এটাই প্রথম কাজ। প্রথম কিছুদিন কতজনের সাথে কথাই বলা হয়নি। তারপর একদিন বন্ধু হয়ে গেলাম। কাজের জায়গায় এমন বন্ধুত্ব কষ্টদায়ক জানেন তো! এখন বুঝতে পারলাম।”
একদিন না একদিন ধারাবাহিকের গল্প শেষ হতোই। কিন্তু হঠাৎ বন্ধ হওয়ার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না তারকারা। এপ্রসঙ্গে ঐশী লিখেছেন, “জানি চিরসখা সময়ের নিয়মে একসময় শেষ হতোই। তবে শেষদিনটা জানতাম। শেষদিনটায় হয়তো আর একটু বেশি করে ফ্লোরের জিনিস গুলো ছুঁয়ে থাকতাম, আর একবার প্রথম থেকে পুরোটা সবাই টুকরো টুকরো করে মনে করে নিতাম। ধীরে ধীরে সাজানো সব জিনিস নিজেই হাতে করে খুলে রাখতাম। যদি জানতাম….”
‘চিরসখা’-তে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিল ‘মিঠি’। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন ঐশী। তাই পোস্টের শেষে দর্শকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অভিনেত্রী। লেখেন, “আপনারা মিঠিকে খুব ভালোবেসেছেন। জানেন, আমিও মিঠিকে বড়ো বেশীই ভালোবেসে ফেলেছিলাম….”
[বানান এবং লেখা অপরিবর্তিত রাখা হল ]
প্রসঙ্গত, 'চিরসখা', 'ভোলে বাবা পার করেগা', এবং 'কনে দেখা আলো' বন্ধ করে দেওয়ার ঘোষণা হওয়ার পর এই তিন ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকা একাধিক অভিনেতাকে প্রতিবাদ করতে দেখা যায়। গতকাল বুধবার প্রথমে লীনা গঙ্গোপাধ্যায়ের মুভি টোনে 'চিরসখা' সহ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স এবং অরগ্যানিক প্রযোজনা সংস্থার অভিনেতা, কলাকুশলীরা বৈঠক করেন। তারপর ভিভান ঘোষ, রাজা গোস্বামী এবং সুদীপ মুখোপাধ্যায় আর্টিস্ট ফোরামে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। তাঁদের দাবি তদন্তের জন্য কেন এত মানুষ কাজ হারাবেন? তাঁরা কী করবেন এবার? যদিও শেষ পর্যন্ত বন্ধ হতে চলেছে তিন ধারাবাহিক!















