'চিরসখা' ধারাবাহিকে এতদিন যে স্বতন্ত্র কমলিনীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সবসময়, এবার সেই ভুল বুঝছে নিজের স্ত্রীকে। বাড়ছে আরও জটিলতা। এবার উঠল কোন প্রসঙ্গ?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরসখা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাড়ির সকলের সামনে বাকবিতণ্ডা চলছে কমলিনী এবং স্বতন্ত্রর। কমলিনী বরকে উদ্দেশ্য করে বলে তাকে সকলে চিরকাল একই রকম দেখে এসেছে। আর তার থেকে একটু এদিক ওদিক হলেই ভাবে সবটা রসাতলে গেল। স্বতন্ত্র যদি এখন বাকিদের মতো করে তাকে ভাবে বা বোঝে তাহলে তার বাঁচার কোনও মানে নেই বলেই জানিয়ে দেয় কমলিনী।
স্বতন্ত্রও এই কথার পাল্টা জবাব দেয়। জানায় কমলিনী নিজেও খুব ভাল ভাবে জানে যে সে স্বতন্ত্রকে ব্যক্তিগত জীবনে মেনে নিতে পারেনি। এই কথায় অবাক হয়ে প্রথমে নায়িকা। তারপর বলে, ব্যক্তিগত জীবনে মেনে নেওয়ার অর্থ কি কেবল শারীরিক সম্পর্ক হওয়া? মন থেকে মেনে নেওয়া নয়? জবাবে স্বতন্ত্র বলে, কেবল শারীরিক সম্পর্ক যেমন মেনে নেওয়ার অর্থ নয়, তেমনই কেবল মন থেকে মেনে নেওয়াও ব্যক্তিগত জীবনে স্থান দেওয়া নয়। দু'জনের এই ভুল বোঝাবুঝি কি শেষ পর্যন্ত বিরাট ফাটলের আকার ধরবে? দূরে যাবে দু'জনে? 'চিরসখা'র হাত ছাড়বে দু'জনেই? কী ঘটে সেটা আগামীতে বোঝা যাবে।
তবে বিগত কয়েক দিনে এই ধারাবাহিকে যা চলছে তাতে স্পষ্ট যে স্বতন্ত্রর অভিমান হয়েছে, তার মতে কমলিনীর জীবনে একমাত্র জায়গা রয়েছে তার তিন ছেলে মেয়ের। আর কারও না। এই বিষয়ে সম্প্রতি একটি প্রোমোতে দেখানো হয়েছে মুখোমুখি বসে রয়েছে স্বতন্ত্র এবং কমলিনী। নায়ক স্ত্রীর উদ্দেশ্যে বলছে, যে তার অনুমান কমলিনী তাকে বিয়ে করে খুশি নয়। এমনকী তাঁদের বিয়েটা নিয়েও তার মধ্যে কোথাও যেন অপরাধবোধ কাজ করে। কিন্তু কেন এমন মনে হয় স্বতন্ত্রর? সে নিজেই জানায়, সবার অমতে গিয়ে কমলিনী বিয়ে করলেও সে এটা ভুলতে পারছে না যে তার তিনটে বড় বড় ছেলেমেয়ে আছে। তাই হয়তো এখন অনুভব করছে যে বিয়ে করে ভুল করেছে। অন্য কেউ নয়, কমলিনী নিজেই এই বিয়েকে অনুমোদন করে না। স্বতন্ত্র রাগ করে এটাও জানায় যে সে একটা সময় বলতে বলতে, বলাও ছেড়ে দেবে। আর কমলিনীর থেকে কিছুই চাওয়ার থাকবে না। তখন সব ঠিকঠাক চলবে। সব ঠিক হয়ে যাবে। বরের এই কথায় কোনও উত্তর দেয় না। কমলিনী কেবল চুপ করে থাকে।
শুধু তাই নয়, কমলিনী বলছে যে সে মরে গেলে ভাল হতো। জবাবে স্বতন্ত্র জানায় তার স্ত্রীর মতো স্বার্থপর আর কেউ নেই। নিজেরটা ভাবে কেবল। একই সঙ্গে অভিমান করে বলে, কমলিনীর জীবনে কেবল ওর তিন ছেলেমেয়ে আছে। আর কেউ নয়। স্বতন্ত্র নাকি নিজেও কমলিনীর কাছে একদম বাইরের একজন মানুষ। স্বতন্ত্র এও বুঝিয়ে দেয় কমলিনী তার ননদ, কুর্চি, যে ওর জন্য এত কিছু করে, কিছু ঘটলেই সব ছেড়ে ওর পাশে এসে দাঁড়ায়, তার জন্যও নাকি ভাবে না। কিছু করে না।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'চিরসখা' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন রাত ৯টা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়।
