হঠাৎ করেই কপাল পুড়ল জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এর! এতদিন সন্ধে সাড়ে ছটার স্লটে সম্প্রচারিত হত এই ধারাবাহিক। কিন্তু এখন বদলে গেল সময়। নতুন ধারাবাহিক 'কমলা নিবাস' আসার ফলে এতদিনের স্লট হাতছাড়া হল আর্য-অপর্ণার। এবার থেকে প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় দেখা যাবে 'কমলা নিবাস' ও জানা যাচ্ছে বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচারিত হবে 'চিরদিনই তুমি যে আমার'।
কিন্তু এখানেও একটা গণ্ডগোল রয়েছে। নতুন ধারাবাহিক 'সাত পাকে বাঁধা' এই সাড়ে পাঁচটার স্লটে সম্প্রচারিত হয়। এখন 'চিরদিনই তুমি যে আমার' এই সময় এলে ওই ধারাবাহিক কখন দেখা যাবে? প্রশ্ন উঠেছে অনুরাগী মহলে। যদিও এখনও পর্যন্ত 'কমলা নিবাস' ছাড়া আর কোনও ধারাবাহিকের স্লট ঘোষণা করা হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফে।
প্রসঙ্গত, আর্য-অপর্ণার গল্পে এখন এসেছে নতুন মোড়। এখন হঠাৎ করেই ফিরে এসেছে আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনী। জানা যাচ্ছে, মৃত্যু হয়নি তার বরং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সে। এদিকে, মেয়েকে কাছে পেয়ে অপর্ণাকে আর্যর থেকে দূরে চলে যেতে বলে রাজলক্ষ্মী। শাশুড়ির উপর অভিমান করে বাড়ি ছাড়ে অপর্ণা। আর্য তাকে ফিরিয়ে আনতে গেলে বাধা দেয় রাজনন্দিনী। কিন্তু সে আসল না নকল? এই প্রশ্নই ঘুরছে দর্শকের মনে।
অন্যদিকে, শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'কমলা নিবাস'। মধ্যবিত্তের স্বপ্ন পূরণের গল্প বলবে এই মেগা। এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, শ্রীনিবাস গুহ এবং তাঁর স্ত্রী কমলাকে ঘিরে। শ্রীনিবাস নিছকই এক মধ্যবিত্ত মানুষ। সংসারের দায়দায়িত্ব পালন করতে করতে কখন যে তার বয়স বেড়ে গিয়েছে বুঝতে পারেনি। বুঝতে পারেনি বাজারদরও কবে বেড়ে গিয়েছে। কিন্তু জীবনের এই প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েও তাঁর একটাই স্বপ্ন, তার স্ত্রী কমলার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া। নিজেদের একটা বাড়ি গড়ে তোলা। এই চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে।
অন্যদিকে ছাপোষা, সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ হলেন কমলা। তার একটাই স্বপ্ন, তিন মেয়েকে ভাল ঘর, বরে বিয়ে দেওয়া। মেয়েরা যেন সুখে সংসার করে। কমলার চরিত্রে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে। দু'জনের স্বপ্ন দুই রকমের। কিন্তু তাও তাদের একে অপরের প্রতি ভালবাসা, টান, অমোঘ। এমন অবস্থায় দুজনের মধ্যে কার স্বপ্ন আগে পূরণ হয় সেটাই দেখার। কমলা ও শ্রীনিবাসের দুই মেয়ের চরিত্রে দেখা যাবে দেবাদৃতা বসু ও সংহতি ব্যানার্জিকে।
















