আগামী ২২ মে মুক্তি পেতে চলেছে লক্ষ্য লালওয়ানি ও অনন্যা পাণ্ডে অভিনীত রোমান্টিক ছবি ‘চাঁদ মেরা দিল’। তবে মুক্তির ঠিক আগেই ভারতীয় সেন্সর বোর্ডের (সিবিএফসি) বড়সড় কাটছাঁটের মুখে পড়ল এই ছবি। ছবিটিকে ‘ইউ/এ ১৬+’ সার্টিফিকেট দেওয়া হলেও, ছবিটি থেকে প্রায় ৯৬ সেকেন্ডের চুম্বনের দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড।

জানা গিয়েছে, সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছবির নির্মাতাদের দুটি বড় পরিবর্তন করতে হয়েছে। এর মধ্যে একটি ১০ সেকেন্ডের চুম্বনের দৃশ্য পুরোপুরি কেটে সেখানে অন্য দৃশ্য জুড়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি আরও ১ মিনিট ২৬ সেকেন্ডের একটি দীর্ঘ ‘লিপ-লক’ দৃশ্যও ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৯৬ সেকেন্ডের দৃশ্য দর্শকদের দেখার সুযোগ থাকছে না। এছাড়া ছবিতে অভিনয় করা শিশুশিল্পীদের আইনি সম্মতিপত্রও বোর্ডের কাছে জমা দিতে হয়েছে নির্মাতাদের।

সেন্সর বোর্ডের ছাড়পত্র অনুযায়ী, ‘চাঁদ মেরা দিল’ ছবিটির মোট দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৫ মিনিট ৩৬ সেকেন্ড। আজ, ১৮ মে থেকেই সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে।

বলিউডে লক্ষ্য ও অনন্যা পাণ্ডের জুটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ গুঞ্জন তৈরি হয়েছে। ছবির ট্রেলার এবং গানও বেশ পছন্দ করেছেন অনুরাগীরা। রোমান্টিক জুটি হিসেবে পর্দায় এটাই এই দুই তারকার প্রথম কাজ। ছবি মুক্তির ঘোষণা হতেই দর্শক মহলে সাড়া ফেলেছিল এই ছবির খবর। লক্ষ্য ও অনন্যার জুটিকে নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনাও প্রবল। এখন দেখার, সেন্সর বোর্ডের এই কাটছাঁটের পর আগামী ২২ মে বড়পর্দায় ছবিটি দর্শকদের কতটা মন জয় করতে পারে।