পরিস্থিতি বদলাচ্ছে। আবার জুড়ছে ভারত-বাংলাদেশের সম্পর্ক। কৌশিক গাঙ্গুলি র ছবি 'আজও অর্ধাঙ্গিনী'তে জয়া এহসানের পারফর্ম্যান্সের পর এবার বাংলা ছবিতে ফের চঞ্চল। চঞ্চল চৌধুরী!
২০২৪-এর বড়দিনে বড়পর্দা কাঁপিয়েছিল প্রতিম ডি. গুপ্তর কপ-থ্রিলার ‘চালচিত্র’। সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এবার ফিরছে আরও বড় চমক নিয়ে। তবে এবার প্রেক্ষাগৃহ নয়, দর্শকদের ড্রয়িংরুমে ড্রামা জমাতে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ -তে।
ওয়েব সিরিজ হিসেবে আসছে ‘চালচিত্র ২’! ছবির প্রযোজনা সামলাচ্ছে খোদ হইচই এবং সহ-প্রযোজক হিসেবে থাকছেন ফিরদৌসুল হাসান। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার অলিতে-গলিতে দিন-রাত এক করে চলছে শুটিং, এরপরই টিম হাজির হবে উত্তর কলকাতার বনেদি মেজাজে।সবচেয়ে বড় রহস্য ফাঁস হল ছবির টাইমলাইন নিয়ে। ‘চালচিত্র ২’ আসলে কোনও সিক্যুয়েল নয়, এটি হল প্রথম পার্টের প্রিক্যুয়েল! গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছে ২০১১ সালের টাইমলাইনে। আর এই প্রিক্যুয়েল হওয়ার কারণেই, প্রথম ছবিতে অনির্বাণ চক্রবর্তী অভিনীত যে চরিত্রটির মৃত্যু হয়েছিল, তাকেই এবার বহাল তবিয়তে আবার স্ক্রিনে দেখতে পাবেন দর্শকেরা। পুলিশের এই অন্দরের জটিল গলিঘুঁজি কিন্তু সম্পূর্ণ পরিচালক প্রতিমের নিজস্ব মস্তিষ্কপ্রসূত।
আর এবারের ফ্র্যাঞ্চাইজিতে টলিউডের পরিচালক যে টেক্কাটি দিয়েছেন, তা এক কথায় মাস্টারস্ট্রোক! ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর পর, এবার ‘চালচিত্র ২’-এর প্রধান আকর্ষণে থাকছেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে ফাঁস হল তাঁর আসল চরিত্রটি। প্রথম পার্টে ব্রাত্য বসু অভিনীত খলনায়ক চরিত্র ‘ভুবন’-এর যুবক বয়সের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে! চরিত্রটি ভয়ঙ্কর হলেও তার অপরাধী হয়ে ওঠার নেপথ্যে রয়েছে এক মনস্তাত্ত্বিক জমাট অতীত। চঞ্চল চৌধুরী এখানে আদ্যোপান্ত খলনায়ক না কি পরিস্থিতির শিকার কোনও ধূসর চরিত্র—তার উত্তর মিলবে গল্পের একদম শেষে।
যথারীতি প্রধান তদন্তকারী অফিসারের ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী। অনির্বাণ চক্রবর্তীর পাশাপাশি এই সিরিজে নতুন সংযোজন বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ।
ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। শহরের বিভিন্ন লোকেশনে চলছে শুট।সবকিছু ঠিকঠাক থাকলে, কোনও বড়দিন নয়, বরং চলতি বছরের পুজোতেই ওটিটি-র পর্দায় মুক্তি পেতে চলেছে ‘চালচিত্র ২’। পূজোর ছুটির আমেজে ওপার বাংলার চঞ্চল বনাম টোটা-অনির্বাণের এই মনস্তাত্ত্বিক লড়াই ওটিটি-র টিআরপি যে সপ্তমে চড়াবে, তা বলাই বাহুল্য!
















