অভিনেতা সতেন্দ্র সোনি ‘পেড় পালখি’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়া এবং মেরে ফেলার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ করেছেন৷ এবার মধ্যপ্রদেশ সরকারের কাছে এফআইআর দায়েরের দাবি জানাল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)।
‘লাপাতা লেডিস’ এবং ‘মির্জাপুর’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য পরিচিত সতেন্দ্র সোনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও শেয়ার করে অভিযোগ করেছিলেন যে, তাঁকে এবং আরও কয়েকজন শিল্পীকে তাঁদের চুক্তি অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয়নি। আট দিন কাজ করার পর টাকা চাইতে গেলে তাঁদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন অভিনেতা।
অভিনেতার পাশে দাঁড়িয়ে AICWA এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি জানিয়েছে, সতেন্দ্র সোনির শেয়ার করা ভিডিওতে তাঁর যন্ত্রণা ও মানসিক চাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাঁর অভিযোগ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পী ও কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। কোনও শিল্পী বা কর্মীকেই এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া উচিত নয়।
AICWA আরও জানিয়েছে, অনেক কর্মী ও শিল্পীর অভিযোগ, তাঁদের কাজের প্রতিশ্রুতি দিয়ে শুটিংয়ে ডাকা হয়, কিন্তু পরে পারিশ্রমিক দিতে দেরি করা হয় বা টাকা আটকে দেওয়া হয়। পাওনা টাকা চাইলে অনেক সময় তাঁরা নাকি হুমকির মুখেও পড়েন। এই ধরনের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা দরকার।
সংগঠনের বক্তব্য, সতেন্দ্র সোনি তাঁর আবেগঘন ভিডিও প্রকাশ্যে এনে এই সমস্যাগুলিকে সামনে এনেছেন এবং ইন্ডাস্ট্রির বহু শিল্পী ও কর্মীর কঠিন পরিস্থিতির দিকটি তুলে ধরেছেন।
বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে AICWA মধ্যপ্রদেশ সরকারকে দ্রুত অভিযোগের দিকে নজর দিয়ে নিরপেক্ষ তদন্ত শুরু করার আবেদন জানিয়েছে। পাশাপাশি সংগঠনটি জোর দিয়ে বলেছে, ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিটি কর্মী ও শিল্পীর সম্মান, সময়মতো পারিশ্রমিক এবং যেকোনও ধরনের ভয় দেখানো বা হুমকি থেকে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।
সতেন্দ্র সোনি বলেন, “আমি মাইহারে পুষ্পেন্দ্র সিং পরিচালিত ‘পেড় পালখি’ ছবিতে কাজ করতে গিয়েছিলাম। উনি আমাদের সাইনিং অ্যামাউন্ট হিসেবে ৫০ হাজার টাকা দিয়েছিলেন এবং বলেছিলেন বাকি টাকা শুটিংয়ের সময় দিয়ে দেবেন। শুটিং শুরু হওয়ার আট দিন হয়ে গিয়েছিল। আমরা যখন টাকা চাই, তখন উনি আমাদের ব্যাগ গুছিয়ে হোটেল ছেড়ে চলে যেতে বলেন। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেন।”
পরে সোনি আরও একটি ভিডিও শেয়ার করে জানান, তিনি এবং অন্যরা নিরাপদে মুম্বই ফিরে এসেছেন। কঠিন সময়ে সাহায্য করার জন্য তিনি মাইহার পুলিশ, অভিনেতা আশুতোষ রানা এবং যাঁরা পাশে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ জানান।
ভিডিওতে তিনি বলেন, “আমরা নিরাপদে মুম্বই পৌঁছে গিয়েছি। মাইহার পুলিশ আমাদের অনেক সাহায্য করেছে। আরও অনেক মানুষ আমাদের পাশে ছিলেন। ভয়াবহ অভিজ্ঞতা, তবে আমরা এখন মুম্বইয়ে ফিরে এসেছি।”
সতেন্দ্র সোনি ‘ডক্টর জি’, ‘বাওয়াল’, ‘রাত আকেলি হ্যায়: দ্য বনসাল মার্ডার্স’ এবং ‘হ্যালো বাচ্চন’-এর মতো প্রজেক্টে কাজ করেছেন। কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’-এ তাঁর ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রটি দর্শকদের প্রশংসা পেয়েছিল। ছবিটি আমির খান প্রযোজিত ছিল এবং ভারতের পক্ষ থেকে অস্কারের জন্য মনোনীত হয়েছিল।














