বর্তমানে টলিউড তোলপাড়। একদিকে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স এবং অরগ্যানিক প্রযোজনা সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে একগুচ্ছ ধারাবাহিক হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, আসছে নতুন ধারাবাহিক। সবটা মিলিয়েই জটিল পরিস্থিতি। এর মধ্যেই দর্শক এবং অনুরাগীদের একটি বিশেষ বিষয় নিয়ে সচেতন করলেন ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী।
কী ঘটেছে? স্নেহাশিস চক্রবর্তীর নাম করে লোক ঠকাচ্ছে কেউ। আর গোটা বিষয়টা নজরে এসেছে তাঁর। এই বিষয়ে সকলকে সচেতন করে এদিন স্নেহাশিস চক্রবর্তী সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, 'সবাইকে জানাচ্ছি আবার আমার ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করে কেউ মানুষকে ফাঁদে ফেলতে চাইছে। তাই সাবধান। লোভের ফাঁদে পা দেবেন না। ওই প্রোফাইলের সব পোস্ট ফেক।'
তিনি এদিন আরও লেখেন, 'মিথ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বা অপমান করে, নিচু করতে চাইছে। সচেতন করার জন্য আমার এই পোস্ট।'
তবে বর্তমানে স্নেহাশিস চক্রবর্তীর এই ভুয়ো প্রোফাইলটি আর নেই। সম্ভবত মাস রিপোর্টের পর ডিলিট হয়ে গিয়েছে। কিন্তু পরিচালক, প্রযোজকের এই পোস্টে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাঁরা এমন জিনিসের সম্মুখীন হয়েছেন। স্নেহাশিস চক্রবর্তী যা দাবি করেছেন সেটা সঠিক।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ব্লুজ প্রোডাকশন হাউজের দু'টো বাংলা ধারাবাহিক বর্তমানে রমরমিয়ে চলছে। একদিকে রয়েছে 'পরশুরাম আজকের নায়ক'। আরও এক দিকে রয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। দুই ধারাবাহিক টিআরপিতে বারবার নজর কাড়ছে। 'পরশুরাম আজকের নায়ক' তো কখনও টিআরপি টপার হয়, আবার কখনও দুই বা তিন নম্বর স্থানেই থাকে তালিকায়। অন্যদিকে স্বস্তিকা দত্ত অভিনীত 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' এতদিন সেরা পাঁচে নিজের জায়গা ধরে রাখলেও, বিগত এক, দুই সপ্তাহ যাবৎ সেটা টলেছে। কিন্তু সেরা ১০ -এর মধ্যে নিজের জায়গা ধরে রেখেছে এই মেগা।
তবে কেবল বাংলা নয়, ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় হিন্দিতেও একাধিক ধারাবাহিক চলে। তার অন্যতম হল 'অ্যাডভোকেট অঞ্জলি অব'স্থী। এটি 'গীতা এলএলবি' ধারাবাহিকের হিন্দি রিমেক।















