জি বাংলার রিয়্যালিটি শো 'রান্নাঘর' জনপ্রিয়তা পেয়েছিল সুদীপা চ্যাটার্জির সঞ্চালনায়। তারপর চ্যানেলের সঙ্গে তাঁর বিবাদের কথা শোনা গিয়েছিল। সুদীপা চ্যাটার্জির জায়গার গত দেড় বছর ধরে 'রান্নাঘর'-এর সঞ্চালনায় দেখা যাচ্ছিল অভিনেত্রী কনীনিকা ব্যানার্জিকে। তবে এবার টলিউডের অন্দরের খবর, এই শো-এর সঞ্চালনায় নাকি আর দেখা যাবে না কনীনিকাকে।
কিন্তু কেন? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল কনীনিকার সঙ্গে। তাঁর কথায়, "এটা পুরোপুরি চ্যানেলের সিদ্ধান্ত। আসলে গত দেড় বছর ধরে রান্নাঘর একই টিআরপি দিচ্ছিল। বাড়ছিল তো না-ই, কমছিলও না। মানে, কোনও পরিবর্তন হচ্ছিল না। তাছাড়া আমি আগেও বলেছি, এখন কয়েক সেকেন্ডে মোবাইল ফোন দেখেই রান্না শেখা যায়। সেখানে আধ ঘন্টার এই শো দেখার আগ্রহ কমে আসছে দর্শকের।"
কনীনিকা আরও বলেন, "চ্যানেল এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে সাজাবে শো। নতুন ফরম্যাটে বোধহয় একটানা রান্না থাকবে না, কমেডিও থাকবে। আমায় ওদের সিদ্ধান্ত জানিয়েছিল। আমিও তাই মেনে নিয়েছি।"
সূত্রের খবর, কনীনিকার জায়গায় 'রান্নাঘর'-এর সঞ্চালনায় এবার দেখা যাবে অভিনেতা বিশ্বনাথ বসুকে। বিশ্বনাথকে নাকি দেখা যাবে একেবারে অন্য অবতারে। তাঁর আইকনিক শাশুড়ির চরিত্রেই এই শো-এর সঞ্চালনা করবেন অভিনেতা, খবর এমনটাই। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল বিশ্বনাথ বসুর সঙ্গেও।

সেই মুহূর্তে শুটিংয়ের মাঝে ব্যস্ত ছিলেন অভিনেতা। তাই জানালেন, এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে পারবেন না। তবে জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি 'রান্নাঘর'-এর নতুন ফরম্যাটের প্রোমো শুটিং হয়ে গিয়েছে।















