দিল্লিতে নিট (NEET) পরীক্ষার নানা অনিয়ম এবং শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি-র (CJP) ছাত্র বিক্ষোভ নিয়ে এবার খুললেন বাঙালি কন্যা, অভিনেত্রী বিপাশা বসু।
বিপাশা বৃহস্পতিবার সমাজমাধ্যমে তিনি লেখেন, 'এই দেশটা তরুণদের। এখন যারা রাস্তায় নেমেছে, তারাই আগামী দিনের নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, তারাই একদিন এই দেশটা চালাবে। গণতন্ত্রে তাদের কথা শোনার পূর্ণ অধিকার রয়েছে। যখন প্রাণ ঝরে যায় আর স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, তখন জবাবদিহি করাটা প্রয়োজন। এটা ন্যূনতম পাওনা।'
https://www.instagram.com/bipashabasu/p/DbIbJRJvy3D/
বিপাশা আরও লেখেন, 'একজন মা হিসেবেও আমি এ কথাই ভাবি। আমার সন্তান এই দেশেই বড় হবে। তার ভবিষ্যৎ নির্ভর করছে আজ আমরা কী করছি—বা কী করছি না—তার ওপর। আর মাঝে মাঝে সেটা আমাকে ভয় পাইয়ে দেয়। আমাদের বাস্তব সমাধান প্রয়োজন। আমাদের সন্তানেরা ইতিমধ্যে এক কঠিন ও অনিশ্চিত উত্তরাধিকার পাচ্ছে। যদি এমন কিছু থাকে যা এখনও তা বদলাতে পারে, তবে তা হল শিক্ষা। অতীতেও সেটাই ছিল। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। তবে আমি এটা বিশ্বাস করি: আমরা যাদের নির্বাচিত করি, তারা ক্ষমতা পায় আমাদের থেকেই; আর সেই ক্ষমতা আসে মানুষের প্রতি ন্যায়সঙ্গত ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ নিয়ে। আগামীতে সুন্দর দিনের আশায় আমি একজন মা হিসেবে এই লড়াইয়ে আছি।'
মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিপাশা। দেশের বর্তমান পরিস্থিতি দেখে শিউরে উঠছেন তিনি। ছোট্ট দেবীর ভবিষ্যতের কথা ভেবে আর চুপ করে থাকতে পারেননি অভিনেত্রী। তাই, সমাজমাধ্যমে নিজের কথা, ভাবনা তুলে ধরেছেন। বিপাশার এই পোস্টে নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন।
















