আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন, ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
হুমকি-বার্তা হিমাংশীকে
পাঞ্জাবি অভিনেত্রী হিমাংশী খুরানা মোহালির পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে, বিদেশের এক গ্যাংস্টার তাঁর কাছে ১০ কোটি টাকা দাবি করে হুমকি দিয়েছে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মোহালি পুলিশ ইতিমধ্যেই এফআইআর নথিভুক্ত করেছে। জানা গিয়েছে, হিমাংশীর ব্যক্তিগত ই-মেল আইডিতে একটি হুমকি-বার্তা আসে। সেই ই-মেলে একটি ভয়েস নোটও সংযুক্ত ছিল, যেখানে নিজেকে বিদেশের গ্যাংস্টার বলে দাবি করা এক ব্যক্তি ১০ কোটি টাকা দাবি করেছে।
পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮(৪) ধারায় এবং ৩৫১(৩) ধারায় শনিবার সোহানা থানায় মামলা রুজু করা হয়েছে।
মোহালির পুলিশ সুপার সৌরভ জিন্দাল জানান, অভিযোগে বলা হয়েছে যে, ই-মেলের সঙ্গে পাঠানো ভয়েস নোটে স্পষ্টভাবে অর্থ দাবি করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। ই-মেল এবং ভয়েস নোটের উৎস শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
রণবীরের ‘ধুরন্ধর’-এর প্রশংসায় অভিষেক
অভিষেক বচ্চন রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবির ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর দাবি, এই ছবি মুক্তির পর দর্শকসংখ্যা ও টিকিট বিক্রির নিরিখে যে কোনও আন্তর্জাতিক শো বা সিনেমাকেও ছাপিয়ে যাবে।
অভিষেক বলেন, ভারতীয় চলচ্চিত্র শিল্প বিশ্বের বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি। তাঁর কথায়, “আমাদের সংখ্যাটা এতটাই বিশাল যে বারবার ‘আমরা কবে আমাদের স্কুইড গেম বানাব?’এই প্রশ্ন তোলাটা ভুল। আমরা ‘ধুরন্ধর’ বানাই। টিকিট বিক্রির সংখ্যা দেখুন, দর্শকের উন্মাদনা দেখুন। এটা যে কোনও শো বা ছবিকে ছাপিয়ে যাবে। সবটাই সংখ্যার খেলা।”
‘প্রেমিক’কে শুভেচ্ছাবার্তা অনন্যার
অনন্যা পাণ্ডে ও ওয়াকার ব্ল্যাঙ্কোকে নিয়ে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। যদিও দু’জনের কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবু মাঝেমধ্যেই তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট নানা ইঙ্গিত দিয়ে যায়।
এদিন ওয়াকারের জন্মদিনে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে অনন্যা লেখেন, ‘হ্যাপি বার্থডে ওয়াকি... ইউ আর দ্য বেস্ট।‘ সংক্ষিপ্ত হলেও বার্তাটি ছিল আন্তরিক। পরের স্টোরিতে তিনি একটি সুন্দর চকোলেট কেকের ভিডিও পোস্ট করেন, যার উপর সাজানো ছিল ফুল ও পাতা। ক্যাপশনে অনন্যা লেখেন, ‘এটাই হয়তো সবচেয়ে পারফেক্ট কেক।’
২০২৪ সালে এক অনুষ্ঠানে অনন্যা ও ওয়াকারকে একসঙ্গে বেশ আনন্দ করতে দেখা যায়। সেই অনুষ্ঠানে অনন্যাকে নাকি ওয়াকারকে নিজের সঙ্গী হিসাবে পরিচয় করাতেও শোনা গিয়েছিল।
বিজয় বর্মা আবারও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার কেন্দ্রে। তমান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর তিনি কি নতুন সম্পর্কে জড়িয়েছেন? এমন জল্পনাই ছড়িয়ে পড়ে ভ্যালেন্টাইনস ডে-র একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে।
প্রেম দিবসে বিজয়ের পোস্ট
১৪ ফেব্রুয়ারি বিজয় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি এক রহস্যময় নারীর হাত ধরে আছেন। ওই নারীর মুখ যদিও স্পষ্ট নয়। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে টু মাই ফরএভার’। সঙ্গে ছিল লাল হৃদয় ও রংধনু ইমোজি। পাশাপাশি খুশি আহুজা নামে একটি অ্যাকাউন্টকেও ট্যাগ করেন তিনি।
এই পোস্ট দেখেই অনুরাগীদের মধ্যে শুরু হয় নতুন প্রেমের গুঞ্জন। অনেকেই মনে করেন, বিচ্ছেদের পর অবশেষে নতুন সঙ্গী পেয়েছেন অভিনেতা।
তবে পরে বিষয়টির আসল সত্য সামনে আসে। খতিয়ে দেখে জানা যায়, ট্যাগ করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কোনও বাস্তব ব্যক্তির নয়, বরং একটি মজার বা ভুয়ো অ্যাকাউন্ট। সেখানকার পোস্ট থেকেই স্পষ্ট হয়, পুরো ঘটনাটি ছিল নিছকই একটি প্র্যাঙ্ক।
