আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।
আসছে ভুবনের 'ঢিঁঢোরা ২'
আসছে ভুবন বামে ওয়েব সিরিজ 'ঢিঁঢোরা'র দ্বিতীয় সিজন। ইতিমধ্যেই এই সিজনের শুটিং শুরু করেছেন তিনি। সমাজমাধ্যমে ভুবন নিজেই এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন। ২০২১ সালে মুক্তি পাওয়া এই সিরিজের প্রথম সিজন ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছিল এবং প্রায় ৫০০ মিলিয়নেরও বেশি ভিউ ছিল। তবে এবারের সিজনটির প্রেক্ষাপট কিছুটা আলাদা। প্রথম সিজনটি ভুবনের নিজস্ব ইউটিউব চ্যানেল 'বিবি কি ভাইনস'-এ মুক্তি পেলেও, দ্বিতীয় সিজনটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।
প্রকাশ্যে রাম চরণের মেয়ের ছবি
অবশেষে প্রকাশ্যে এল রাম চরণ ও উপাসনার মেয়ে ক্লিন কারার ছবি। মেয়ের তৃতীয় জন্মদিনে এই প্রথমবার তার মুখ সবার সামনে আনলেন তারকা দম্পতি। শনিবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন রাম চরণ ও উপাসনা। ২০১২ সালে বিয়ে করেন রাম চরণ ও উপাসনা। ২০২৩ সালের জুন মাসে তাঁদের পরিবারে আসে ক্লিন কারা। এরপর যমজ সন্তানের বাবা-মা হন তাঁরা। জন্মদিনে মেয়ের ছবি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় তারকা দম্পতির অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন খুদেকে।
এ বছর আসছেই না 'টক্সিক'
দক্ষিণী সুপারস্টার যশের 'টক্সিক' নিয়ে যেন জটিলতা কাটছেই না। বারবার মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হলেও তা পিছিয়ে যাচ্ছে। জানা যাচ্ছে, চলতি বছরে নাকি আসছেই না এই ছবি। আগামী বছর অর্থাৎ ২০২৭-এ ছবি মুক্তির কথা ভাবছেন নির্মাতারা। বারবার ছবির মুক্তি পিছনো নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন তারা সুতারিয়া। তারা জানান, ছবিটি দেরিতে মুক্তি পাওয়া নিয়ে তিনি বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। এই মাপের একটি প্রজেক্টকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার পিছনে যে অনেক চিন্তাভাবনা ও সিদ্ধান্ত জড়িয়ে থাকে, তা তিনি বেশ ভালভাবেই বোঝেন। তিনি বলেছিলেন, “আমি ভীষণ ধৈর্যশীল। আমি বিষয়টিকে এভাবে দেখি না যে সিনেমাটি যদি এখনই মুক্তি না পায়, তাহলে আমার কী হবে? একজন অভিনেতা হিসেবে আপনি সিনেমাটিকে শুধু আপনার নিজের বলে ভাবতে পারেন না। এটি শুধু আপনার একার নয়। যারা এটি তৈরি করেছেন, সিনেমাটি তাদের সবার।”















