পরপর কয়েক সপ্তাহ ধরে দারুণ চমক দিচ্ছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'। এই সপ্তাহেও সবাইকে পিছনে ফেলে একেবারে সেরার সেরা এই মেগা। প্রথম স্থান দখল করে এবার পারুল-রায়ানের ঝুলিতে রয়েছে ৬.২ নম্বর। দ্বিতীয় স্থানে স্টার জলসার 'পরশুরাম আজকের নায়ক'-এর সঙ্গে রয়েছে জি বাংলার 'জোয়ার ভাঁটা'। এখন পরশুরামে যেমন টানটান মোড়ে এগোচ্ছে গল্প, ঠিক তেমনই নিশা-উজি দুই বোনের জীবনের টানাপোড়েন নজর কাড়ছে দর্শককে। যৌথভাবে দুই মেগার প্রাপ্ত নম্বর ৫.৮‌।‌ তৃতীয় স্থানে ৫.৭ নম্বরে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। শুরুতে তেমন জনপ্রিয়তা না পেলেও এখন গোরা ও দিতির পুনর্জন্মের গল্প খুব পছন্দ করছেন দর্শক মহল। 

স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'‌‌ এবার চতুর্থ স্থানে। এখন রাঙার জীবন এগিয়ে গিয়েছে বেশ কিছু বছর। মেয়েকে নিয়ে আর দেশের সেবার কাজে তার দিন কাটে‌। এর মাঝে এখনও টানাপোড়েন কমেনি, তাই বেশ টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলে। এই সপ্তাহে মেগার প্রাপ্ত নম্বর ৫.৫। পঞ্চম স্থানেও রয়েছে জোড়া ধারাবাহিক। 'ও মোর দরদিয়া' ও 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' যৌথভাবে পেয়েছে ৫.৩ নম্বর। 

ষষ্ঠ স্থানে রয়েছে নতুন ধারাবাহিক 'গঙ্গা'। ৫.২ পেয়েছে সাহেব-হিয়ার সদ্য শুরু হওয়া এই গল্প। সপ্তমে ৫.০ পেয়ে রয়েছে 'কুসুম'। এখন 'কুসুম'-এ এসেছে দারুণ মোড়। তাই গল্পের মোড়ে দারুণ উত্তেজনা ছড়াচ্ছে দর্শক মহলে। ৪.৯ পেয়ে অষ্টমে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। নবম স্থানে ৪.৫ পেয়ে রয়েছে 'আমাদের দাদামণি'। দশম স্থানে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। প্রাপ্ত নম্বর ৪.৩। 


প্রসঙ্গত, টলিপাড়ায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক। ফিরছেন পুরনো মুখেরা। তাঁদের মধ্যে অন্যতম পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁকে দেখা যাবে জি বাংলার আসন্ন ধারাবাহিক 'কমলা নিবাস'-এ।