কোটি কোটি ভক্তের অপেক্ষার অবসান। মার্ভেলের তরফে প্রকাশ্যে আনা হল তাদের আগামী মেগা-প্রজেক্ট 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে'-র সেই বহু কাঙ্ক্ষিত ট্রেলার। আর ট্রেলার জুড়েই শুধুই বিস্ময় আর চিৎকার! যে থর (ক্রিস হেমসওয়ার্থ) নিজের 'স্টর্মব্রেকার' দিয়ে এক কোপে থ্যানোসের মাথা ধড় থেকে আলাদা করে দিয়েছিলেন, ট্রেলারে দেখা গেল সেই মারাত্মক অস্ত্রটিকে স্রেফ এক হাত দিয়ে অনায়াসে থামিয়ে দিলেন ডক্টর ডুম (রবার্ট ডাউনি জুনিয়র)! প্রথম দর্শনেই এটা পরিষ্কার যে, থরের ওপর ডুমের আধিপত্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে।
এরপরই নতুন করে তৈরি হওয়া অ্যাভেঞ্জার্সদের উদ্দেশ্যে ডুমের সেই ঠান্ডা গলার হুঁশিয়ারি—"সবাই মিলে একসঙ্গে লড়াই করো, যাতে নিজেদের সদস্যদের শুধু শুধু হারাতে না হয়।"

এবারের অ্যাভেঞ্জার্স কোনও সাধারণ দল নয়, গোটা মাল্টিভার্সের সুপারহিরোরা এক ছাদের তলায় হাজির হয়েছে। ট্রেলারের সবচেয়ে বড় ইউএসপি হল 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'-এর পর ক্রিস ইভান্সের ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পর্দায় ঐতিহাসিক কামব্যাক । এখানেই শেষ নয়, ট্রেলারে দেখা মিলল এক্স-মেন ইউনিভার্সের প্রফেসার এক্স, ম্যাগনেটো, সাইক্লপস, মিস্টিক এবং গ্যাম্বিটের! সঙ্গে রয়েছে ফ্যান্টাস্টিক ফোর (, লোকি, শাং-চি এবং ওয়াকান্ডার দুর্ধর্ষ যোদ্ধারা।
একঝাঁক হলিউড সুপারস্টারের মেলা বসতে চলেছে এই ছবিতে, যার মধ্যে রয়েছেন পেড্রো প্যাসকাল, পল রাড, অ্যান্থনি ম্যাকি, ফ্লোরেন্স পিউ, ভ্যানেসা কার্বি, চ্যানিং ট্যাটাম, টম হিডলস্টন এবং প্যাট্রিক স্টুয়ার্টসহ আরও অনেকে।
'অ্যাভেঞ্জার্স: ডুমসডে'-র এই ট্রেলার মুক্তি পেতেই কমেন্ট সেকশনে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। প্রথম অ্যাভেঞ্জার্সদের মধ্যে একমাত্র থরই এখন সক্রিয় থাকায়, ভক্তরা তাঁকে এই দলের লিডার হিসেবে দেখে দারুণ উচ্ছ্বসিত। এক অনুরাগী লিখেছেন, “মার্ভেলকে ধন্যবাদ অবশেষে থর চরিত্রটিকে আবার সিরিয়াসভাবে ফুটিয়ে তোলার জন্য। এই দলের লিডার হিসেবে ওকেই মানায়।”
অন্য এক ভক্ত আবার আরডিজে-র ডুমের ক্ষমতা দেখে লিখেছেন, “যে স্টর্মব্রেকার ছয়টি ইনফিনিটি স্টোনকে ভেদ করে থ্যানোসকে মেরেছিল, ডুম সেটাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে নিজের 'অরা' প্রমাণ করে দিল!” এছাড়া ক্যাপ্টেনের মুখোমুখি হওয়ার পর ভাই লোকির সঙ্গে দেখা হলে থরের প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়েও মিম বানাতে শুরু করেছেন ভক্তরা।
কয়েক মাস আগে লাস ভেগাসের 'সিনেমা-কন'-এ যখন প্রথম এই ট্রেলারটি দেখানো হয়েছিল, তখন মঞ্চে দাঁড়িয়ে রবার্ট ডাউনি জুনিয়র বলেছিলেন, “এত বড় সাফল্যের পর এই অসাধারণ টিমের সাথে আবার কাজ করব, তা-ও আবার সম্পূর্ণ নতুন একটা চরিত্রে—সত্যি বলতে আমি নিজেই এটা কখনও কল্পনা করতে পারিনি।”
ভারতের প্রেক্ষাগৃহে আগামী ১৮ই ডিসেম্বর ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় আইম্যাক্সসহ প্রিমিয়াম ফরম্যাটে মুক্তি পেতে চলেছে বছরের সবচেয়ে বড় সিনেমা 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে'। থ্যানোসের চেয়েও বড় এই বিপদের সামনে কীভাবে টিকবে মার্ভেলের মাল্টিভার্স? উত্তর পেতে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা।
















