১৯ মার্চ মুক্তি পেয়েছে 'ধুরন্ধর ২'। বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করছি আদিত্য ধর পরিচালিত এই ছবিটি। একদিকে যেমন ছবির পরিচালনা থেকে শুরু করে রণবীর সিং সহ অন্যান্য অভিনেতাদের প্রশংসায় পঞ্চমুখ একাংশ, অন্যদিকে বাকিরা এই ছবির সমালোচনা করছেন। তাঁদেরই অন্যতম হলেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।
এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আসাদুদ্দিন ওয়াইসি 'ধুরন্ধর ২' প্রসঙ্গে বলেন, 'ওটা সিনেমা নাকি? ৩ ঘণ্টার অপচয়। ৩ ঘণ্টা ধরে ছবি দেখার সময় নেই আমার। আমি কেবল আশা করতে পারি যে মানুষ এক ঘণ্টা ধরে আমার কথা শুনবে। ওই ছবিটাতে গালিগালাজ ছাড়া আর কী আছে? অকারণ হিংসা ছড়িয়েছে। ৩ ঘণ্টা ছবি দেখে ভাববে যে মুসলিমদের বিরুদ্ধে অপশব্দ বলবে নাকি না। কার এসব ছবি দেখার সময় আছে?'
প্রসঙ্গত 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ভারতীয় বক্স অফিসে ৭১৫ কোটি ৭২ লাখ টাকা নেট এবং ৮৫৪ কোটি ৯৯ লাখ টাকা গ্রস আয় করেছে মুক্তির পর প্রথম নয় দিনে। ভারতের বাইরে ছবিটি ৩০ মিলিয়ন বা ২৮৫ কোটি টাকা আয় করেছে। ফলে সব মিলিয়ে ছবিটি ১১৪০ কোটি টাকা আয় করেছে এখনও পর্যন্ত।
'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই পুষ্পাকে ছাপিয়ে গিয়েছে। 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজি ছবিটি এখনও পর্যন্ত ২৪৪৭ কোটি টাকা আয় করেছে। ২০২১ সালে মুক্তি পাওয়া 'পুষ্পা: দ্য রাইজ' ৩৫০ কোটি ১০ লাখ টাকা আয় করেছিল। আর ২০২৪ সালে 'পুষ্পা ২: দ্য রুল' যখন মুক্তি পেল সেটা তখন ১৮৭১ কোটি টাকা আয় করেছিল। ফলে দুটো ছবি মিলিয়ে 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজি ২২২১ কোটি টাকা আয় করেছিল। অর্থাৎ এখনই 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজি পুষ্পা ফ্র্যাঞ্চাইজিকে টপকে গিয়েছে।
'ধুরন্ধর' প্রসঙ্গে কথা বলতে গেলে, এই ছবিটির পরিচালনা করেছেন আদিত্য ধর। মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং, সারা অর্জুন, অর্জুন রামপাল, আর মাধবন, প্রমুখ।
















