৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকে ইম্পার উপস্থিতিতে হাজির ছিলেন আর্টিস্ট ফোরাম, ফেডারেশনের সদস্যরা এবং টিভি প্রযোজকরা। সেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং কাজের সময় শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা সংক্রান্ত প্রাথমিক আলোচনা হয়। একই সঙ্গে ব্যান করা হয় ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রযোজক ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স ও অরগ্যানিককে।

এবার আরও একবার বৈঠক ডাকা হল। আগামী ১২ এপ্রিল সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বৈঠক হবে। টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠকটি হবে। কী আলোচনা হবে সেখানে? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং সুরক্ষা বিধি সংক্রান্ত আলোচনা হবে। এছাড়া আর অন্যান্য কোনও বিষয়ে আলোচনা হবে কিনা, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স ও অরগ্যানিক প্রযোজনা সংস্থার উপর থেকে ব্যান উঠবে কিনা সেই দিকে নজর থাকবে। এই বৈঠকে ফোরামের সমস্ত সদস্যদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। 

এদিন আর্টিস্ট ফোরামের তরফে এই বৈঠকে আহ্বান জানিয়েছেন সভাপতি রঞ্জিত মল্লিক, কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। 

https://www.facebook.com/share/1BejXf9MQN/

প্রসঙ্গত, ম্যাজিক মোমেন্টসকে ব্যান করার পর একাধিক শিল্পী, কলাকুশলীরা গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন। এরপর আর্টিস্ট ফোরামের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কাছে কিছু জরুরি প্রশ্ন করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংস্থা কোনও সদুত্তর দেয়নি। উল্টে তারা শুধু আইনি পথে কথা বলার কথা জানিয়েছে।প্রযোজনা সংস্থার এই অনমনীয় মনোভাব দেখে ফোরামের সদস্যরা একত্রিত হয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন। রাহুলের মৃত্যুর কারণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে। শিল্পীরা জানিয়েছেন, এটি কোনও হঠকারী সিদ্ধান্ত নয়, বরং বন্ধু ও সহকর্মীর বিচার পাওয়ার লড়াই। মানুষের মনে যাতে ভুল ধারণা তৈরি না হয়, তাই ফোরাম স্পষ্ট করেছে যে তারা নিরুপায় হয়েই এই অসহযোগিতার পথে হেঁটেছে। এই মুহূর্তে তদন্তের খাতিরে সব নথি প্রকাশ করা না হলেও, ভবিষ্যতে সদস্যদের সব জানানো হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।