রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু টলিউডের অন্দরে যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে, তা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। রবিবাসরীয় সন্ধ্যায় টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠকে এবার সরাসরি নিশানায় লীনা গাঙ্গুলির প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'। ফোরামের স্পষ্ট বার্তা— শিল্পীদের এক পয়সা বকেয়া থাকলেও তার হিসাব দিতে হবে আগামী দু’দিনের মধ্যে।এক কথায়, টলিউড ইন্ডাস্ট্রি এখন চটে লাল লীনা গাঙ্গুলি ও তাঁর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের উপর। 

 

এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিস্ফোরক তথ্য দেন। তিনি জানান, শিল্পীদের মধ্যে ভোটাভুটি হয়েছে যে তাঁরা ওই নির্দিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে ইচ্ছুক কি না। প্রসেনজিতের কথায়, “অধিকাংশ শিল্পী ওই দু’জনের (লীনা-শৈবাল) সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন। রাহুলের মৃত্যু কেউ ভুলতে পারছেন না, নিরাপত্তার অভাব তাঁদের ভাবাচ্ছে।” বৈঠকে শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, বিদীপ্তা চক্রবর্তীদের মতো সিনিয়র সদস্যরাও উপস্থিত ছিলেন।


আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ম্যাজিক মোমেন্টস বা অরগ্যানিকের কাছে কোনও  সদস্যের টাকা বাকি থাকলে তা ই-মেল বা হোয়াটসঅ্যাপে জানাতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে!  আবেদনকারীদের হোয়াটস অ্যাপে কিংবা ই-মেলের মাধ্যমে জানাতে হবে।  তা কী কী তথ্য দিতে হবে আবেদনকারীদের? তা-ও স্পষ্ট, গোটা গোটা নখরে লিখে জানিয়েছে আর্টিস্ট ফোরাম -শিল্পীর নাম, প্রজেক্টের নাম, মেম্বারশিপ নম্বর, কতদিন শুটিং করেছেন, প্রতিদিন কত পারিশ্রমিক ধার্য করা হয়েছিল এবং মোট কত টাকা বাকি আছে সেই টাকার অঙ্কটা।  সেসব হাতে পাওয়ার পর ন্যায্য পদক্ষেপ দ্রুত নেওয়া হবে সগঠনের তরফে।  ফোরাম জানিয়েছে, হাতে তথ্য পেলেই দ্রুত আইনি ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

 

 

প্রসঙ্গত, রাহুলের অকালমৃত্যুর পর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস ও অর্গানিক স্টুডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন টলিপাড়ার বহু তারকা। জানিয়েছেন, তাঁদের সঙ্গে ঘটা অনাচারের কথা। বিশেষ করে এই সংস্থার তরফে। যেমন, অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। নাম না করে তিনি আট বছর আগের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সমাজমাধ্যমে তিনি নাম না করেই একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। কনীনিকা জানান, যখন তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তখন টানা তিন মাস কাজ করার পরও এই সংস্থা তাঁকে পারিশ্রমিক দেয়নি। শারীরিক জটিলতা ও অভাবের সেই দিনগুলোর কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। নেটিজেনদের মতে, জি বাংলার ‘অন্দরমহল’ ধারাবাহিক চলাকালীন লীনা গাঙ্গুলির প্রযোজনা সংস্থার হাতেই এই নিগ্রহের শিকার হয়েছিলেন তিনি। এবং তারপরেই এদিন আর্টিস্ট ফোরামের তরফে এহেন পদক্ষেপ! 

টলিউড এখন আড়াআড়ি বিভক্ত। একদিকে প্রভাবশালী প্রযোজক জুটি, অন্যদিকে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ও সম্মানের লড়াই। আর্টিস্ট ফোরামের এই কড়া পদক্ষেপ এখন ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেয় কি না, সেটাই দেখার।