সম্প্রতি শোনা গিয়েছিল বলিউড প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই তাঁর প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি আওয়ারাপন ২-এর প্রথম গান 'Yeh Awarapan' প্রকাশ্যে আসতেই সেই জল্পনা আরও বেড়ে যায়। অনেকেই মনে করেছিলেন, এই গান দিয়েই হয়তো বলিউডে প্লেব্যাক গানে ফিরছেন অরিজিৎ।

তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলেছেন গায়কের ম্যানেজার। তিনি স্পষ্ট জানিয়েছেন, 'আওয়ারাপন ২'-এর জন্য অরিজিৎ সিংয়ের গান গাওয়া কোনওভাবেই তাঁর প্রত্যাবর্তনের ইঙ্গিত নয়। এটি সম্পূর্ণ পুরনো প্রতিশ্রুতির অংশ। অবসরের ঘোষণা করার আগেই তিনি ছবিটির জন্য গানটি রেকর্ড করেছিলেন। ফলে নতুন করে বলিউডে প্লেব্যাক গাওয়ার সিদ্ধান্ত তিনি নেননি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অরিজিৎ-এর ম্যানেজার জানিয়েছেন, "অরিজিৎ এখনও তাঁর আগের সিদ্ধান্তেই অনড় রয়েছেন। তিনি নতুন কোনও হিন্দি ছবির প্লেব্যাকের দায়িত্ব নিচ্ছেন না। তবে আগে থেকে চুক্তিবদ্ধ বা রেকর্ড করা কিছু কাজ পর্যায়ক্রমে প্রকাশ পেতে পারে। তাই আগামী দিনে তাঁর কণ্ঠে আরও কিছু গান মুক্তি পেলেও, সেগুলিকে প্রত্যাবর্তন হিসেবে দেখা ঠিক হবে না।"

উল্লেখ্য, 'আওয়ারাপন ২'-এর শিরোনাম গান 'Yeh Awarapan' সুর করেছেন আমাল মালিক এবং গীতিকার রশ্মি বিরাগ। গানটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আবেগঘন সুর, অরিজিতের পরিচিত মায়াবী কণ্ঠ এবং ইমরান হাশমির নস্টালজিক উপস্থিতি মিলিয়ে গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অরিজিৎ সিং চলতি বছরের শুরুতে বলিউড প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে জানিয়েছিলেন, তিনি ভবিষ্যতে স্বাধীন সঙ্গীত, লাইভ কনসার্ট এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতচর্চায় বেশি মন দিতে চান। আচমকা সমাজমাধ্যমে অবসরের ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং। তাঁর অবসরের ঘোষণায় অবাক এবং মনখারাপ হয়েছিল শ্রোতা থেকে শিল্পী সকলের৷ আওয়ারাপন ২-এর এই গান তাঁর ভক্তদের জন্য নিঃসন্দেহে বিশেষ উপহার হলেও, এটিকে তাঁর আনুষ্ঠানিক 'কামব্যাক' বলা যাবে না।