নতুন প্রতিপক্ষ আসছে জি বাংলার ধারাবাহিক 'দাদামণি'র। রাত নটার স্লটে সম্প্রচারিত হয় এই মেগা। ১০ মার্চ, মঙ্গলবার থেকে স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'গঙ্গা'। রাত নটার স্লটে এখন দুই মেগা দু'জনের প্রতিপক্ষ। 'দাদামণি'তে নায়ক-নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা প্রতীক সেন ও অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তীকে। নতুন প্রতিদ্বন্দ্বী আসায় কি চাপ বেড়েছে তাঁদের উপর? কী বলছেন অনুষ্কা?
আজকাল ডট ইন-এর প্রশ্নে অনুষ্কা বলেন, "আমি যখন ছবি করেছি, সিরিজ করেছি তখনই মনে মনে ভেবে নিয়েছিলাম নিজের সেরাটা দেওয়া ছাড়া আমার আর কোনও কাজ নেই। ক'টা টিকিট বিক্রি হল, ক'টা শো পেল, বা কত টিআরপি হল, এসব প্রযোজনা সংস্থার দায়ভার। আমি, আমরা প্রত্যেকেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এবারও তাই-ই করব। কিন্তু তাই বলে কি আমাদের চিন্তা হয় না? অবশ্যই হয়। কিন্তু সেটা পিছনে ফেলে কাজটা যতটা সম্ভব ভাল করে করার চেষ্টা করি।"
অনুষ্কা আরও বলেন, "এর আগে যখন সাড়ে আটটার স্লট ছিল তখন আমাদের উল্টোদিকে ছিল রাজ রাজেশ্বরী রাণী ভবানী। বেশ কয়েকবার সেই ধারাবাহিক বেঙ্গল টপার হয়েছে। এরপর চিরসখার সঙ্গে আমাদের স্লট দেওয়া হয়, তখন কয়েকবার আমরা স্লট লিড করি, এখন আসছে গঙ্গা এবার দেখা যাক কী হয়। আসলে এসব তো খেলার মতো। টিআরপির ওঠাপড়া তো থাকবেই। নতুন ধারাবাহিক আসা মানে আমি মনে করি আমাদের প্রতিপক্ষ নয়, বরং ইন্ডাস্ট্রিতে নতুন সংযোজন।"
অনুষ্কার কথায়, "সাহেবদা বা হিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ নেই। তবে সাহেবদাল সঙ্গে আগে কয়েকটা পার্টিতে দেখা হয়েছিল। খুব বিনয়ী মানুষ এটা বুঝেছিলাম। দু'জনকেই আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই।"
প্রসঙ্গত, স্টার জলসার পর্দায় ১০ মার্চ থেকে প্রতিদিন রাত নটায় সম্প্রচারিত হবে 'গঙ্গা'। এই মেগায় প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে সাহেব ভট্টাচার্য ও হিয়া মুখোপাধ্যায়কে। পুলিশের চরিত্রে সাহেব ও গঙ্গার নিচ থেকে খুচরো পয়সা কুড়িয়ে সংসার চালায় হিয়া। কীভাবে দুই ভিন্ন মেরুর মানুষের মিল হবে? সেটাই উঠে আসবে গল্পে।
