বিশ্বের নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়োনোর পর এবং কান চলচ্চিত্র উৎসবে আলোচনার কেন্দ্রে থাকার পর অবশেষে দর্শকের কাছে পৌঁছতে চলেছে অনুরাগ কাশ্যপের ছবি কেনেডি। যদিও বহু দর্শকের প্রত্যাশা মতো বড়পর্দায় নয়। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও ভারতের কোনও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এই ছবি। অবশেষে, কান প্রিমিয়ারের তিন বছর পর সরাসরি ওটিটিতেই মুক্তি পেতে চলেছে অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ছবি! খবরটা শুনে উচ্ছ্বসিত সেই দর্শকরা, যাঁরা এতদিন ধরে ছবিটির জন্য অপেক্ষা করছিলেন।

শনিবার ইনস্টাগ্রামে ‘কেনেডি’-র টিজার শেয়ার করে ছবির ওটিটি মুক্তির ঘোষণা করেন অনুরাগ কাশ্যপ। পোস্টে পরিচালক লেখেন,“অবশেষে আমাদের ভালবাসা, ক্ষোভ আর সবকিছুর মিশেলে তৈরি কেনেডি বিশ্বভ্রমণ শেষে ঘরে ফিরছে জি ফাইভ-এ। এই ছবি বানাতে পারার জন্য, আমার টিম, প্রযোজক এবং স্টুডিওর জন্য আমি কৃতজ্ঞ। দিনের শেষে এটুকুই বলব যা যা হওয়ার, যখন হওয়ার, তখনই হয়।”
২০২৩ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘কেনেডি’-র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। ‘মিডনাইট স্ক্রিনিংস’ বিভাগে প্রদর্শিত এই ছবি সেখানে পায় টানা সাত মিনিটের স্ট্যান্ডিং ওভেশন। এরপর একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরেছে কেনেডি -সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল, দক্ষিণ কোরিয়ার বুশন ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, সুইৎজারল্যান্ডের নিউশাতেল ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল -তালিকা দীর্ঘ।
কেনেডি'-র ওটিটি মুক্তির ঘোষণার পরই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা। এক জন লিখেছেন, “ 'গোট' কাশ্যপ আবার ফিরছেন - প্রথম ঝলক দেখার দিন থেকেই এই ছবির জন্য অপেক্ষা করছিলাম।” আরেক জনের মন্তব্য, “অবশেষে! দেখার জন্য আর তর সইছে না।” কেউ আবার আফসোসের সুরে লিখেছেন, “বড়পর্দায় দেখতে চেয়েছিলাম,” আবার কারও মন্তব্য, “থিয়েটারে দেখার স্বপ্ন ছিল, অনেক দিন ধরে অপেক্ষা করেছি।”
'কেনেডি' একটি ডার্ক থ্রিলার। গল্পের কেন্দ্রে এক নিদ্রাহীন রোগে ভোগা এক প্রাক্তন পুলিশ অফিসার, যাকে অনেকেই মৃত বলে ধরে নিয়েছে। অথচ সে এখনও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার ভিতরেই কাজ চালিয়ে যায়, গোপনে নিজের মুক্তি ও আত্মরক্ষার পথ খুঁজতে থাকে। জি স্টুডিওসের উপস্থাপনায় এবং গুড ব্যাড ফিল্মস প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাহুল ভাট ও সানি লিওন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোহিত তাকলকর, অভিলাষ থাপলিয়াল এবং মেঘা বর্মন।
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেনেডি ফেব্রুয়ারিতে জি ফাইভ-এ স্ট্রিমিং শুরু করবে।
