সম্প্রতি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও ‘বিগ বস ১৭’-এর প্রতিযোগী অনুরাগ ডোভাল। এই ঘটনার পর থেকেই তাঁর শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
দুর্ঘটনার সময় ইনস্টাগ্রামে লাইভে ছিলেন অনুরাগ। সেই সময় তিনি নিজের মানসিক চাপ এবং ব্যক্তিগত সমস্যার কথা বলছিলেন। এরপরই হঠাৎ করে তাঁর গাড়ির দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় এবং কিছুদিন আইসিইউতেও থাকতে হয়েছিল।
সম্প্রতি অনুরাগ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি তাঁর বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। ভিডিওতে দেখা যায়, তিনি চিকিৎসার মধ্যে রয়েছেন এবং ঠিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। তিনি জানিয়েছেন, তাঁর শরীরের নিচের অংশে গুরুতর চোট লেগেছে এবং একটি পা প্রায় অসাড় হয়ে গিয়েছে।
অনুরাগ বলেন, “আমার পায়ে এখন কোনও অনুভূতি নেই। আমি ঠিকভাবে নড়াচড়া করতে পারছি না। জানি না, আমি আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারব কি না।” চোখে মুখে আতঙ্ক ধরা পড়ে অনুরাগের। চিকিৎসকদের মতে, অনুরাগের অবস্থা ধীরে ধীরে উন্নতি করতে পারে, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। এখন তিনি ফিজিওথেরাপি নিচ্ছেন এবং নিয়মিত চিকিৎসার মধ্যে আছেন।
এই ঘটনার পর অনুরাগের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর পাশে দাঁড়িয়েছেন। অনেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং তাঁকে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন।
উল্লেখ্য, দুর্ঘটনার আগে থেকেই অনুরাগ ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে মানসিক চাপে ছিলেন বলে জানা যায়। সেই চাপের মধ্যেই এই দুর্ঘটনা ঘটায় বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। অনুরাগ দোবালের এই দুর্ঘটনা তাঁর জীবনে বড় ধাক্কা। তাঁর প্রিয়জনেরা বলছেন, এখন অনুরাগের সবচেয়ে বড় লড়াই সুস্থ হয়ে ওঠা এবং আবার স্বাভাবিক জীবনে ফেরা। ভক্তদের আশা, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরবেন।
