২০১১ সালে যখন '৭ খুন মাফ' মুক্তি পায়, তখন সেটা শুধু প্রিয়াঙ্কা চোপড়ার অনবদ্য অভিনয়ের জন্যই নয়, বরং অন্নু কাপুর এবং একটি ঘনিষ্ঠ দৃশ্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের কারণেও ব্যাপক চর্চায় ছিল। সেই সময় অন্নু কাপুরের কিছু মন্তব্য বলিউডে কাজের পরিবেশ এবং সৌন্দর্যের মাপকাঠি নিয়ে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছিল।

দীর্ঘ ১৫ বছর পর অভিনেতা আবারও সেই ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন এবং তাঁর বক্তব্যের পিছনের প্রকৃত প্রেক্ষাপট পরিষ্কার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্নু কাপুর জানান, ছবিটির মুক্তির সময় সাংবাদিকদের বারবার করা প্রশ্নের মুখে পড়েই তিনি সেই মন্তব্যটি করেছিলেন। তিনি বলেন, “আর কী হতে পারত? আমার চেহারার চেয়েও বড় সমস্যা ছিল যে আমি কোনও ‘হিরো’ নই। যখন আমরা বিশাল ভরদ্বাজের ছবি '৭ খুন মাফ'-এ কাজ করছিলাম, তখন বেশ কয়েকজন সাংবাদিক আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে প্রিয়াঙ্কা আমাকে চুমু খেতে অস্বীকার করেছেন কি না।”

বিরক্তি থেকেই যে সেই উত্তর দিয়েছিলেন, তা স্পষ্ট করে তিনি আরও বলেন, “ওরা আমাকে ক্রমাগত বিরক্ত করছিল, এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে বলে ফেলি হয়তো আমি যদি কোনও বড় স্টার হতাম, তবে তিনি আপত্তি করতেন না।”

বর্ষীয়ান অভিনেতা আরও জানান, সেই দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে প্রিয়াঙ্কার দ্বিধার কথা তাঁকে আগে জানানো হয়েছিল। তিনি প্রিয়াঙ্কার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিলেন এবং দৃশ্যটি বাদ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। তাঁর কথায়, “বিশাল ভরদ্বাজ আমাকে বলেছিলেন যে প্রিয়াঙ্কা ইতস্তত করছেন। আমি বলেছিলাম, এটা হওয়াই স্বাভাবিক। এমনকী আমি দৃশ্যটি বাদ দেওয়ার পরামর্শও দিয়েছিলাম, কিন্তু বিশাল রাজি হননি। আমাদের কাজটা চালিয়ে যেতে হয়েছিল। অভিনেতারা ক্যামেরার সামনে অস্বস্তি দেখাতে পারেন না, তাই আমরা একপ্রকার বাধ্য হয়ে কাজটা করেছিলাম।”

প্রসঙ্গত, ২০১১ সালে অন্নু কাপুরের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি সে সময় মন্তব্যগুলোকে ‘অনভিপ্রেত’ বলে অভিহিত করেন এবং পুরো বিষয়টি যেভাবে জনসমক্ষে আনা হয়েছিল, তা নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন।

বিশাল ভরদ্বাজ পরিচালিত '৭ খুন মাফ' ছবিতে প্রিয়াঙ্কার সাত স্বামীর চরিত্রে অন্নু কাপুর ছাড়াও অভিনয় করেছিলেন ইরফান খান, নাসিরুদ্দিন শাহ, জন আব্রাহাম, নীল নীতিন মুকেশ এবং আলেকজান্ডার ডায়াচেঙ্কো।