বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। তাঁর নামের সঙ্গেই জড়িয়ে আছে এক অনন্য রেওয়াজ। প্রতি রবিবার মুম্বইয়ে তাঁর বাংলো জলসার সামনে ভিড় করা অনুরাগীদের উদ্দেশে হাতজোড় করে শুভেচ্ছা জানান তিনি। তারকা-জীবনের আকাশছোঁয়া উচ্চতার মধ্যেও এই মানুষটি যে কতটা মাটির কাছাকাছি, সেটাই যেন বারবার মনে করিয়ে দেন ‘বিগ বি’। আর এবার সেই রবিবারের শুভেচ্ছা পর্ব ঘিরেই ভাইরাল এক ভিডিও।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিওটি শেয়ার করেছেন নিরমিত জেসরানি নামে এক যুবক। নিজেকে অমিতাভ বচ্চনের প্রতিবেশী বলে দাবি করে তিনি জানান, প্রতি রবিবার অমিতাভের বাংলোর সামনে ভক্তদের শুভেচ্ছা জানানো শেষ করে যেভাবে ‘বিগ বি’ তাঁদের দিকেও তাকিয়ে হাত নাড়েন, সেটাই তাঁর কাছে অমূল্য প্রাপ্তি। সেই সঙ্গে জীবনে একবার অমিতাভ বচ্চনের সঙ্গে মুখোমুখি দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, জলসার সামনে জমায়েত হওয়া অসংখ্য অনুরাগীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন অমিতাভ বচ্চন। ঠিক তখনই ক্যামেরা ঘুরে যায় পাশের একটি বহুতলের জানালার দিকে। সেখানে দাঁড়িয়ে থাকা এক যুবক চুপচাপ দেখছেন গোটা দৃশ্য। ভিডিওতেই নিরমিত প্রশ্ন করেন, “এই ভিডিওগুলোতে অমিতাভজির পিছনে যে লোকটাকে দেখা যায়, সে কে?” তারপরই নিজেই উত্তর দেন, “ওটাই আমি, নিরমিত জেসরানি।”
এরপর সরাসরি অমিতাভের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দেন তিনি। নিরমিত বলেন,“অমিতাভ বচ্চন স্যার, আমি আপনার প্রতিবেশী। শুধু এটুকু বলতে চাই, আমরা ভীষণ কৃতজ্ঞ। হৃদয়ের গভীর থেকে আপনাকে ধন্যবাদ। প্রতি রবিবার ভক্তদের শুভেচ্ছা জানানোর পর আপনি আমাদের দিকেও তাকিয়ে হাত নাড়েন, আমাদের উপস্থিতি স্বীকার করেন। আপনার এই বিনয় আর উষ্ণতা ভাষায় প্রকাশ করা যায় না। স্যার, যদি একদিন আপনার সঙ্গে দেখা করার সুযোগ পাই, আমি সত্যিই কৃতজ্ঞ থাকব।”
এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়ে যায় প্রতিক্রিয়ার বন্যা। কেউ আবেগে ভেসেছেন, কেউ আবার রসিকতা করতে ছাড়েননি। এক নেটিজেন লিখেছেন,“আমি প্রতি রবিবার বিকেল সাড়ে পাঁচটায় জুহুতে যাই অমিতাভ স্যারকে দেখতে। আজ জানলাম, আপনি তাঁর প্রতিবেশী। ভীষণ ভালো লাগল।” আরেকজন মজা করে মন্তব্য করেন, “কখনও চিনি চাইতে যান, বা বাড়ির পুজোর জন্য চৌকি নিতে যান। পড়শির সঙ্গে এমনভাবেই তো দেখা হয়!” নজর কেড়েছে আরেকটি মন্তব্য,“ এইভাবে বল, সম্পর্কে তো আমরা সবাই আপনার প্রতিবেশী-ই!”
কাজের দিক থেকে আগামী দিনে অমিতাভ বচ্চনকে দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল এবং কোর্টরুম ড্রামা ‘সেকশন ৮৪’-তে। তবে তার আগেই, রবিবারের সেই চেনা হাতজোড় আর এক প্রতিবেশীর কৃতজ্ঞ বার্তা যেন আবারও মনে করিয়ে দিল কেন অমিতাভ বচ্চন শুধুই একজন বড়সড় তারকা নন বরং এক অনুভূতির নাম।
