আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

প্রিয়জনকে হারিয়ে শোকাহত অমিতাভ বচ্চন

ফের শোকাচ্ছন্ন অমিতাভ বচ্চন। এক প্রিয় বন্ধুকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বলিউডের শাহেনশা। আবেগঘন পোস্টের মাধ্যমে দুঃখের কথা জানিয়েছেন তিনি। ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, জীবনের এই সময়ে এসে তিনি একের পর এক প্রিয় মানুষকে হারাচ্ছেন। যা তাঁকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। তাঁর কথায়, “এক এক করে সবাই চলে যাচ্ছে।” অভিনেতা জানিয়েছেন, যাঁকে তিনি হারিয়েছেন তিনি তাঁর খুব কাছের বন্ধু ছিলেন। দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতির কথা মনে করে গভীরভাবে মর্মাহত বিগ বি। বন্ধুর মৃত্যুতে তিনি এবং তাঁর পরিবার শোকাহত বলে জানিয়েছেন।

নিজের মৃত্যু নিয়ে কী ভাবতেন জুবিন? 

গত ১৯ সেপ্টেম্বর মৃত্যু হয়েছে জুবিন গর্গের। জনপ্রিয় গায়কের আকস্মিক মৃত্যু নিয়ে রয়েছে নানা প্রশ্ন। কয়েক মাস পেরিয়ে গেলেও কাটেনি ধোঁয়াশা। এরই মধ্যে জুবিনের স্ত্রী গরিমা শইকীয়ার একটি সাক্ষাৎকার নতুন করে আলোড়ন তুলেছে। গরিমা জানিয়েছেন, জীবনের শেষ সময়ে জুবিন একটি বিষয়কেই শুধু ভয় পেতেন। যা হল সময় ফুরিয়ে যাওয়ার ভয়। তিনি প্রায়ই ঘড়ির দিকে তাকিয়ে ভাবতেন যে অনেক কাজ এখনও বাকি আছে এবং সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এমনকী গায়ক নিজের মৃত্যুর ইঙ্গিত পেয়েছিলেন বলেও ধারণা গরিমার। আসলে গায়কের স্ত্রী মনে করেন, জীবনের বিভিন্ন সময়ে অনেক কাছের মানুষকে হারানোর অভিজ্ঞতা জুবিনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই কারণে তিনি কখনও কখনও খুব আবেগপ্রবণ হয়ে উঠতেন। সময় নিয়ে এই উদ্বেগ ছিল তাঁর জীবনের এক বড় চিন্তা। গরিমার এই আবেগঘন মন্তব্যে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে কুমার শানুর মানহানির মামলায় কী নির্দেশ আদালতের?

কুমার শানুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। যার প্রেক্ষিতে মানহানির মামলা করেন গায়ক। এই মামলায় মুম্বই হাইকোর্ট কুমার সানুর পক্ষেই অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে। মামলার শুনানি চলাকালীন সময়ে তাঁর সুনাম রক্ষার জন্য আদালত রীতা ও কিছু ডিজিটাল প্ল্যাটফর্মকে নির্দেশ দিয়েছে। কোর্টের আদেশে বলা হয়েছে, রীতা ভট্টাচার্য এবং সংশ্লিষ্ট ডিজিটাল মাধ্যম যেমন গুগল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কুমার শানুর নামে কোনও মানহানিকর মন্তব্য, পোস্ট বা ভিডিও প্রকাশ করা যাবে না। প্রসঙ্গত, কুমার শানুর দাবি, তাঁর প্রাক্তন স্ত্রী বিভিন্ন সাক্ষাৎকার ও অনলাইন পোস্টে এমন তথ্য দিয়েছেন যা মিথ্যা এবং অবমাননাকর। এতে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে ক্ষতি হয়েছে। মামলায় তিনি ৫০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও করেছেন। আদালত স্পষ্ট জানিয়েছে, মামলার শেষ পর্যন্ত রীতা ও সংশ্লিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্ম তাঁর নামে নেতিবাচক বা মানহানিকর কিছু প্রকাশ করতে পারবে না।