অযোধ্যায় জমি কিনেছেন অমিতাভ বচ্চন। আর যেমন তেমন জমি নয় সেটি, একেবারে প্রাইম জায়গায় ১৫ হাজার স্কোয়ার ফিটের জমি সেটি। অমিতাভ বচ্চনের অযোধ্যার এই জায়গাটি নিয়ে বিস্তর আলোচনা, জল্পনা চলছে। কিন্তু জানেন কি তিনি কত কোটির বিনিময়ে এবং কীভাবে এই জায়গাটি কিনেছেন? 

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেখানে দাবি করা হয়েছে অমিতাভ বচ্চন নিজেই অযোধ্যায় জমি কেনার ইচ্ছে প্রকাশ করেছেন। তাঁর আদি বাড়ি যেহেতু অযোধ্যাতেই, সেহেতু তিনি রাম জন্মভূমিতে নিজের এক টুকরো জমি রাখতে চেয়েছিলেন। আর যেমন ভাবনা তেমন কাজ। ইচ্ছাপূরণের জন্য তিনি এক ব্যক্তিকে যোগাযোগ করেন, এবং রাতারাতি, এই বিপুল জমির মালিক হন। 

কাকে ফোন করেছিলেন অমিতাভ বচ্চন অযোধ্যায় জমি কেনার জন্য? ভারতের অন্যতম বড় রিয়েল এস্টেট ডেভেলপার অভিনন্দন লোধাকে ফোন করেন অমিতাভ বচ্চন। মধ্যরাতে, প্রায় ৩ টে নাগাদ তিনি অভিনন্দন লোধাকে ফোন করেন। জানান তিনি অযোধ্যার আদি বাসিন্দা, সেখানে তিনি একটি জমি কিনতে চান। আর এই ফোনে কথোপকথন হওয়ার পরের দিনই বিগ বি তাঁকে ১৫ কোটি টাকা পাঠিয়ে দেন। এবং পেয়ে যান ১৫ হাজার স্কোয়ার ফিটের জমি। 

প্রসঙ্গত, প্রতি রবিবার অমিতাভ বচ্চন তাঁর মুম্বইয়ের জলসা বাংলোর বাইরে জড়ো হওয়া অনুরাগীদের দেখা দেন। কিন্তু গত কয়েকদিন ধরে মুম্বইয়ে চলছে টানা বৃষ্টি। পরিস্থিতি এতটাই খারাপ যে, অমিতাভ বচ্চনের জুহুর বাড়ির ভিতরেও জল ঢুকে পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে প্রবল দুর্যোগের মধ্যেও অনুরাগীদের আসা থামেনি। অনুরাগীদের উচ্ছ্বাস দেখে সোশ্যাল মিডিয়ায় অমিতাভ লিখেছেন, 'মানুষের এই ভালবাসা আমাকে আবেগপ্রবণ করে তোলে। প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি কিংবা শীত—কিছুই তাঁদের উৎসাহ কমাতে পারে না। হাত নাড়ানো, অটোগ্রাফ দেওয়া আর তারপর তাদের চলে যাওয়া—এ যেন এক অদ্ভুত টান।' মুম্বইয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেখেন, 'এদিকে বৃষ্টি থামার নাম নেই। জনজীবন বিপর্যস্ত। এই জলকষ্ট আর যাতায়াতের সমস্যা সাময়িক, সব ঠিক হয়ে যাবে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ সত্যিই চিন্তার বিষয়।' একইসঙ্গে তিনি নিজের সমস্ত শুভানুধ্যায়ীদের প্রতি সতর্কবার্তাও দিয়েছেন। লিখেছেন, 'এই সময় সবাই সাবধানে থাকবেন। খুব জরুরি কাজ ছাড়া বাইরে বেরোবেন না। আপনারা সবাই আমার কাছে খুব মূল্যবান।'