টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

ভারতীয় চলচ্চিত্র নিয়ে বিস্ফোরক প্রশ্ন আলিয়ার

কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ভারতীয় সিনেমার ভবিষ্যৎ এবং বক্স অফিসের সমীকরণ নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুলেছেন আলিয়া ভাট। তাঁর মতে, ভারতীয় সিনেমা আজও কেন মূলত পুরুষ দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি হয়? কেন বক্স অফিসের সাফল্য বিচার করতে গেলে নারীপ্রধান বা নারীকেন্দ্রিক ছবিকে পিছিয়ে রাখা হয়? আলিয়া প্রশ্ন তোলেন, বিশ্বজুড়ে যখন ‘বার্বি’র মতো ছবি রেকর্ড ব্যবসা করছে, তখন ভারতে কেন আজও বাণিজ্যিক সাফল্যের জন্য একজন পুরুষ সুপারস্টারের ওপর নির্ভর করতে হয়? তিনি মনে করেন, দর্শকরা এখন ভাল গল্পের খোঁজে থাকেন, তাই শুধুমাত্র পুরুষ দর্শকদের তুষ্ট করার মানসিকতা থেকে নির্মাতাদের বেরিয়ে আসা উচিত। প্রসঙ্গক্রমে আলিয়া হলিউড ছবি ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-র সিক্যুয়েলের কথা উল্লেখ করেন। তিনি জানান, এই ধরনের ছবি যেখানে মহিলাদের পেশাদার জীবন, উচ্চাকাঙ্ক্ষা এবং তাঁদের মধ্যকার জটিল সমীকরণ দেখানো হয়, তা বিশ্বজুড়ে প্রশংয়া পাচ্ছে। ভারতীয় সিনেমাতেও এমন বৈচিত্র্যময় নারী চরিত্রের গল্প আরও বেশি করে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন।

 

আমির পুত্রকে পরামর্শ সালমন-শাহরুখের

আমির-পুত্র জুনেইদ খানের বলিউড যাত্রা নিয়ে এখন বি-টাউনে জোর চর্চা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনেইদ ফাঁস করেছেন তাঁর কেরিয়ারের শুরুর দিকের কিছু মজার ঘটনা। বিশেষ করে আমির খানের দুই ঘনিষ্ঠ বন্ধু সলমন খান এবং শাহরুখ খান তাঁকে কী পরামর্শ দিয়েছিলেন, তা এখন খবরের শিরোনামে। জুনেইদ জানিয়েছেন, তাঁর প্রথম ছবি 'মহারাজ' মুক্তির পর সলমন তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভরপুর অ্যাকশন সিনেমা করার পরামর্শ দেন। জুনেইদের ছবি ‘লাভইয়াপ্পা’ র কথা শুনে সলমন রসিকতা করে বলেন, "রোম্যান্স তো হল, এবার একটু মারপিট বা অ্যাকশন হিরো হিসেবে নিজেকে তৈরি করো।" সলমন মনে করেন, জুনায়েদের চেহারায় 'অ্যাকশন হিরো' হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, শাহরুখ খানের সঙ্গে জুনেইদের আলাপচারিতা ছিল বেশ মজার। আমিরপুত্র জানান, শাহরুখ তাঁকে অভিনয়ের খুঁটিনাটি শেখানোর পাশাপাশি একটি বিশেষ প্রস্তাব দিয়ে রেখেছেন। বাদশা মজার ছলে জুনায়েদকে বলেন, যদি কখনও বাবা আমির খানের সঙ্গে কোনও বিষয়ে মতবিরোধ হয় বা আমির যদি বেশি শাসন করেন, তাহলে জুনেইদ যেন নির্দ্বিধায় শাহরুখের কাছে চলে আসেন। আমিরের বিরুদ্ধে জুনেইদকে সবরকম সাহায্য করার 'অভয়' দিয়ে রেখেছেন কিং খান।

সুরজের সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝে ভাইরাল মৌনির পুরনো মন্তব্য

মৌনি রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে কানাঘুষো। স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই মৌনির একটি পুরনো মন্তব্য সমাজমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। এই মন্তব্য ঘিরেই নেটাগরিকদের মনে প্রশ্ন দানা বেঁধেছে, তবে কি সত্যিই এই তারকা দম্পতির সংসারে ফাটল ধরেছে?ঠিক কী বলেছিলেন মৌনি? ভাইরাল হওয়া ভিডিও বা সাক্ষাৎকারে মৌনিকে বলতে শোনা গিয়েছে, "এই লড়াই টেনে হিঁচড়ে লম্বা করার মানে কী?" ঝগড়া বা বিবাদ মিটিয়ে নেওয়ার প্রসঙ্গে করা অভিনেত্রীর এই পুরনো মন্তব্যটি এখনকার পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকেই। মৌনি এবং সুরজকে দীর্ঘদিন ধরে একসঙ্গে কোনও ছবি পোস্ট করতে দেখা যায়নি। সম্প্রতি মৌনির জীবনে কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সুরজকে দেখা না যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছে। এরই মধ্যে সুরজকে আলফলো করেছেন মৌনি। অন্যদিকে, সুরজ সমাজমাধ্যম থেকে নিজেকে সরিয়েছেন। যদিও এই বিচ্ছেদের খবর নিয়ে তাঁদের মধ্যে কেউই সরাসরি মুখ খোলেননি।