বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের জীবনে স্ত্রী টুইঙ্কল খান্নার গুরুত্ব কতটা, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় টুইঙ্কলের সম্পর্কে এমন এক মন্তব্য করেছেন, যা শুনে অবাক হয়েছেন অনেকেই। অভিনেতা অকপটে স্বীকার করেছেন যে, টুইঙ্কেল তাঁর জীবনের সবচেয়ে কঠোর সমালোচক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানান, টুইঙ্কলের সমালোচনা এতটাই নির্মম হয় যে, মাঝেমধ্যে মনে হয় স্ত্রী তাঁকে 'খুনই' করে ফেলবেন! তবে এই রূঢ় সমালোচনাই তাঁকে এখনও পর্যন্ত সহজ-সরল থাকতে সাহায্য করে। অক্ষয় রসিকতা করে বলেন, “টুইঙ্কলের সমালোচনা মানেই হল সরাসরি আক্রমণ। ও তো আমায় যেকোনও সময় শেষ করে দিতে পারে!”

অভিনেতা জানান, তাঁর অনেক ছবিই টুইঙ্কলের পছন্দ হয় না। ছবি দেখে টুইঙ্কলের সোজাসাপ্টা মন্তব্য থাকে, "এসব কী হচ্ছে?" যদিও টুইঙ্কেলের কাছ থেকে প্রশংসা পাওয়া অক্ষয়ের কাছে বিশেষ এক অভিজ্ঞতার মতো। সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ট্রেলার দেখে টুইঙ্কেল যখন ভাল বলেছেন, তখন অক্ষয় এতটাই আপ্লুত ছিলেন যে, পরিচালক প্রিয়দর্শনকে পর্যন্ত সে কথা জানিয়েছিলেন।

পেশাগত জীবনে অক্ষয় বর্তমানে ব্যস্ত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর প্রচার নিয়ে। তবে বক্স অফিসে ছবির ভাগ্যে যা-ই থাকুক না কেন, ব্যক্তিগত জীবনে টুইঙ্কলের কড়া শাসনের বাইরে যাওয়ার সাধ্য নেই বলিউডের এই সুপারস্টারের। নিজেদের দাম্পত্যের খুঁটিনাটি বিভিন্ন সাক্ষাৎকারে ভাগ করেন অক্ষয় কুমার। একবার অক্ষয় বলেছিলেন, স্ত্রী টুইঙ্কলের সঙ্গে ঝগড়ার প্রসঙ্গে তিনি বলেন, তাঁর রাগ বোঝার এক বিশেষ কায়দা রয়েছে। অক্ষয়ের কথায়, রাতে ঘুমোতে যাওয়ার সময়ই তিনি বুঝতে পারেন স্ত্রী রেগে আছেন কিনা। কারণ, তখন তাঁর দিকের বিছানাটা ভিজে থাকে। রাগের মাথায় টুইঙ্কল নাকি সেখানে জল ঢেলে দেন!

অক্ষয়-টুইঙ্কলের ২৫ বছরের দাম্পত্য জীবন নিয়ে কখনও সেভাবে কাটাছেঁড়া হয়নি। তবে সম্প্রতি কাজলের সঙ্গে টুইঙ্কলের শো 'টু মাচ'-এ টুইঙ্কলের বিভিন্ন মন্তব্য নিয়ে চর্চা চলে সমাজমাধ্যমে।