অক্ষয়ের 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিটির জন্য বড় পদক্ষেপ সহকর্মী অজয় দেবগনের। কী করলেন? বলিউডের যেখানে একসঙ্গে বিগ বাজেট মুক্তি পাওয়া নিয়ে বিতর্ক চলছে, কোনও ছবিই এর জেরে ভাল ব্যবসা করতে পারছে না, দাবি করা হচ্ছে, সেখানে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিটির জন্য অজয় দেবগন তাঁর আগামী ছবি 'ধামাল ৪' -এর মুক্তি পিছিয়ে দিল। প্রসঙ্গত, এই দুই ছবিরই একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল।
মুম্বইয়ের অন্দরের খবর অনুযায়ী, অজয় দেবগন নাকি এই বিষয়ে অক্ষয় কুমারের সঙ্গে কথা বলেছেন। আর তারপরই তাঁরা দু'জনে আলোচনা করে দুই ছবির ব্যবসা এবং ইন্ডাস্ট্রির স্বার্থে সিদ্ধান্ত নেন যে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিটির পূর্ব নির্ধারিত দিনে অর্থাৎ ২৬ জুন মুক্তি পাবে। অন্যদিকে 'ধামাল ৪' -এর মুক্তি পিছিয়ে গেল, ৪ জুলাই আসছে না ছবিটি।
এবার কবে তবে মুক্তি পাবে 'ধামাল ৪'? জানা গিয়েছে, অজয় দেবগন অভিনীত এই ছবির মুক্তির দিন পিছলেও, বিশেষ পিছানো হয়নি। বরং ওই একই মাসে বড়পর্দায় আসবে ছবিটি। জানা গিয়েছে, ৪ জুলাইয়ের বদলে ১৭ জুলাই মুক্তি পাবে 'ধামাল ৪'। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, দুটি ছবিই কমেডি ঘরানার, একাধিক তারকা থাকবেন। এবং দুই ছবিরই ফ্র্যাঞ্চাইজির আগের ভাগগুলো ব্লকবাস্টার হিট। তাই 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' এবং 'ধামাল ৪' যাতে ঠিক ভাবে ব্যবসা করতে পারে তাই দুই ছবির মুক্তির মাঝে প্রায় এক মাসের ব্যবধান রাখা হল, এক সপ্তাহের পরিবর্তে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
'ধামাল ৪' ছবিটিতে অজয় দেবগন ছাড়াও থাকবেন আরশাদ ওয়ার্সি, রীতেশ দেশমুখ, জাভেদ জাফরি প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। অন্যদিকে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিটিতে মুখ্য ভূমিকায় থাকবেন অক্ষয় কুমার, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, ওয়ামকা গাব্বি, প্রমুখের মতো খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রীরা। ছবিটির পরিচালনা করেছেন আনিস বাজমী।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, অক্ষয় কুমার এবং অজয় দেবগনকে দর্শকরা আগামীতে একসঙ্গে দেখতে চলেছেন। 'গোলমাল' ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ভাগ আসছে। তাঁরা 'গোলমাল ৫' ছবিতে একসঙ্গে কাজ করবেন।















