স্টার জলসার ধারাবাহিক 'চিরসখা'য় 'মিঠি'র চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য। ধারাবাহিক মাঝপথে বন্ধ হতেই মন খারাপ হয়েছিল দর্শক মহলের। ঐশীর পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা। এবার এল সুখবর। নতুন চরিত্রে ফিরছেন ঐশী। তবে ধারাবাহিকে নয়, ছোট ছবিতে দেখা যাবে তাঁকে। ছবির নাম 'শেষ চিঠি'। 

মুখ্য চরিত্রে ঐশী ও অভিনেতা সবুজ বর্ধন। রজত রায় ও অরুণাভ মুখার্জির লেখায় ও পরিচালনায় আসছে এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি। প্রযোজনায় শঙ্খ শীল। গল্প অনুযায়ী, সবুজের চরিত্রের নাম সার্থক। সে নিঃসঙ্গতায় ভোগে। জীবনের কঠিন সময়ে দাঁড়িয়ে তার পিঠ ঠেকে যায় দেওয়ালে। সে আর বাঁচতে চায় না। বেছে নেয় আত্মহত্যার পথ। আর ঠিক সেই সময়েই তার জীবনে দেবদূতের মতো আসে মায়া। 'মায়া'র চরিত্রে দেখা যাবে ঐশীকে। ঘটনাচক্রে তাদের আলাপ থেকে শুরু হয় বন্ধুত্ব। ভেঙে পড়া সার্থকের মনের আবেগ, না বলা অতীত, অপরাধবোধ ও আবার বাঁচার তাগিত, এই নিয়েই এগোয় গল্প। সেই রাতের পরিণতি কী? দুটো মানুষের জীবন এরপর কোনদিকে বাঁক নেয়, সেই গল্পই বলবে 'শেষ চিঠি'।

জানা যাচ্ছে, এখনও পর্যন্ত শুটিং শুরু হয়নি। তবে চিত্রনাট্য তৈরি। খুব তাড়াতাড়িই ফ্লোরে যাবে এই ছবি‌। ব্রোবোনের প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'শেষ চিঠি'। ঐশী ইতিমধ্যেই সমাজমাধ্যমে তাঁর নতুন কাজের ইঙ্গিত দিয়েছেন। অভিনেত্রীর পোস্টে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন থেকে অনুরাগীরাও। 

প্রসঙ্গত, ঐশীর সঙ্গে এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে সবুজ বর্ধনকে‌। ঐশী যেমন টলিপাড়ার পরিচিত মুখ। খুব ছোটবেলা থেকেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। তেমনই বিভিন্ন ধারাবাহিক থেকে সিনেমা, সিরিজে অভিনয় করে সবুজও দর্শকের মনে জায়গা করেছেন। এই মুহূর্তে দর্শক তাঁকে নিয়মিত দেখছেন জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য় সুদেবের দাদা 'বলদেব'-এর চরিত্রে।