মা'দের আলাদা করে বিশেষ দিন হয়না। প্রতিটা দিনই তাঁদের। তবুও মাতৃ দিবস প্রতিটি মা এবং সন্তানের কাছে খুব বিশেষ। তাই এই দিনে মা'দের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন সকলে। সেই ঝলক ধরা পড়ছে সোশ্যাল মিডিয়ার পাতাতেও। বাদ যাচ্ছেননা তারকারাও। সদ্য মা হয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। তাই এই বছর মাতৃদিবস তাঁর কাছে একটু বেশিই 'স্পেশাল'। মেয়ে মীরাকে নিয়ে অনেক স্বপ্ন তাঁর চোখে আঁকা।
প্রথম মাতৃদিবসের অভিজ্ঞতা নিয়ে আজকাল ডট ইন-কে অহনা বলেন, "এই দিনটা আমার কাছে বড্ড স্পেশাল। যেদিন ও আমার উইশ করবে মাদার্স ডে'তে সেদিন আরও বেশি করে বুঝতে পারব এই দিনটার মানে। আমি অপেক্ষা করে আছি সেদিনের। আসলে আমার মেয়ে মাদার্স ডে'তে শুধু আমাকে নয়, আমার স্বামী দীপঙ্করকেও শুভেচ্ছা জানাবে। কারণ, এখন যে পরিমাণ কাজের চাপ যাচ্ছে আমার, তাতে ওর বাবা পুরোটা সময় ওর কাছেই থাকে। সব দায়িত্ব পালন করে। তাই বাবাও যেন মা হয়ে উঠেছে।"
অহনার কথায়, "মাতৃত্ব আমার কাছে ঠিক কেমন? এটা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে মিক্সড ফিলিংসের কথা বলব। এই জার্নিটা একদিকে যেমন খুব ক্লান্তিকর, খুব যন্ত্রণাদায়ক, অন্যদিকে এসবের মধ্যেই আনন্দ ও শান্তি খুঁজে পাওয়া যায়।"
অহনা বলেন, "মীরা এখন একটু একটু কথা শিখছে। সবার প্রথমে ও দাদা বলে ডেকেছে, মানে ওর দাদু, আমার শ্বশুরমশাইকে। বাবাও বলে মাঝেমধ্যেই। তবে এখনও পর্যন্ত মা বলে ডাকেনি। যেদিন ওর মুখে মা ডাক শুনতে পাব, সেদিনটাই হবে আমার কাছে মাদার্স ডে।"
প্রসঙ্গত, অহনাকে দর্শক এই মুহূর্তে দেখছেন জি বাংলার ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'তে। গল্পে তাঁর চরিত্রের নাম 'কুন্তলিনী'। নেতিবাচক চরিত্র হলেও কুন্তলিনীর একটা আলাদা গল্প আছে। দর্শকের কাছ থেকে অহনা দারুণ ভালবাসা পাচ্ছেন এই চরিত্রের জন্য।















