রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’—২০২৬ সালের বক্স অফিসে এই দুই ছবির দাপট ছিল দেখার মতো। বিশেষ করে দ্বিতীয় ভাগটি ১৭০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করেছে। সাফল্যের এই উত্তাল হাওয়ার মাঝেই এবার নতুন গুঞ্জন—তৈরি হতে চলেছে ‘ধুরন্ধর ৩’? জিও স্টুডিওসের পক্ষ থেকে পাওয়া ইঙ্গিতে ভক্তদের মনে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জিও স্টুডিওসের সহ-প্রযোজক জ্যোতি দেশপাণ্ডে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ‘ধুরন্ধর’ সফর এখনই শেষ হচ্ছে না। তিনি বলেন, "আমরা এখনও ধুরন্ধর নিয়ে কাজ শেষ করিনি। আশা করছি বছরের শেষদিকে দর্শকদের জন্য বড় কোনও চমক থাকবে। আমাদের ঝুলিতে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে।"

জ্যোতির এই মন্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, রণবীর সিংকে আবারও সেই দাপুটে স্পাই ইমেজে দেখা যাবে কি না। যদিও আদিত্য ধরের এই ফ্র্যাঞ্চাইজিতে নতুন কোনো বড় চমক বা স্পিন-অফ আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

 

 

তবে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আশার বাণী শোনা গেলেও, ‘ধুরন্ধর ৩’ হওয়ার সম্ভাবনা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন ছবিতে জামিল জামালি-র চরিত্রে অভিনয় করা রাকেশ বেদী। তাঁর মতে, “আমার মনে হয় না এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কোনও পার্ট আসবে। গল্পটি সেখানেই শেষ হয়েছে যেখানে স্পাই নিজের দেশে ফিরে যায়। তবে ‘ধুরন্ধর’ একটি ফ্র্যাঞ্চাইজি, তাই ভবিষ্যতে অন্য অভিনেতাদের নিয়ে এর নতুন সংস্করণ তৈরি হতেই পারে।”

ছবির এই অভাবনীয় সাফল্য পরিচালক আদিত্য ধরের ওপর কোনও প্রভাব ফেলেছে কি না, সেই প্রসঙ্গে মুখ খুলেছেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী ইয়ামি গৌতম। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সাফল্য আমাদের মানুষ হিসেবে বদলে দেয়নি। আদিত্য খুব বিনয়ী একজন মানুষ। আমরা অনেক চড়াই-উতরাই দেখেছি, কিন্তু ঈশ্বরের ওপর আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। আমরা বিশ্বাস করি, ভাল মানুষের সঙ্গে ভাল-ই হয়। যা তোমার প্রাপ্য, তা পেতে দেরি হতে পারে কিন্তু কখনও অস্বীকার করা যায় না।”