সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

'ধুরন্ধর ২' -এর সেটে নিয়ম ভাঙা মাশুল গুনবে আদিত্য ধরের প্রযোজনা সংস্থা! 

বহু প্রতীক্ষিত 'ধুরন্ধর ২' মুক্তি পাওয়ার আগেই বড়সড় বিপদে পরিচালক, প্রযোজক আদিত্য ধরের প্রযোজনা সংস্থা! বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি ধরের প্রযোজনা সংস্থাকে ছবির সেটে লাগাতার নিয়ম ভাঙার কারণে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে বলেই জানা গিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত নিয়ম নাকি এই ছবির সেটে মানা হয়নি। এমনকী অবস্থাও বিশেষ ঠিকঠাক ছিল না। তাই মুম্বইয়ে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবির শুটিং করার অনুমতি ধরের প্রযোজনা সংস্থা বি৬২ স্টুডিওসকে দেওয়া হয়নি। জানা গিয়েছে শীঘ্রই এই বিষয়ে এই প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠাবে বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি।

অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল, কী প্রতিক্রিয়া অভিনেতার ভাইয়ের? 

আগামী ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অভিনেতা রাজপাল যাদব। সোমবার, ১৬ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্ট তাঁর এই জামিন মঞ্জুর করেছে। ৯ কোটি টাকার চেক বাউন্সের কেসে নিজেই কিছুদিন আগে গিয়ে তিহার জেলে আত্মসমর্পণ করেন অভিনেতা। এই ঘটনার পর তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক অভিনেতা, শিল্পীরা। এবার তিনি এই অন্তর্বর্তীকালীন জামিন পেতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তাঁর গোটা পরিবার। প্রতিক্রিয়া জানালেন অভিনেতার ভাই চন্দ্রপাল যাদব। তাঁর মতে, অবশেষে 'আচ্ছে দিন' আসছে। তাঁর কথায়, 'আমাদের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। যে দিনগুলো কাটল সেগুলোও আমাদের, এবার আমাদের ভাল দিন আসছে। এটুকুই বলার আছে।' 

আইনি গেরোয় আমিশা! জারি জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট

আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী আমিশা প্যাটেল। জানা গিয়েছে 'গদর ২' ছবি খ্যাত অভিনেত্রীর নামে মোরাদাবাদ কোর্টের তরফে একটি জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করা হয়েছে। ২০১৭ সালের একটি বিয়েতে পারফর্ম করার কথা দিয়েও সেখানে না যাওয়ার কারণে, প্রতারণার অভিযোগ করা হয়েছে আমিশার নামে। ইভেন্ট আয়োজক পবন ভার্মা তাঁর অভিযোগে জানিয়েছেন আমিশা প্যাটেলকে এই বিয়েতে পারফর্ম করার জন্য ১৪ লাখ ৫০ হাজার টাকা অ্যাডভান্স করা হয়েছিল। কথা ছিল ২০১৭ সালের ১৬ নভেম্বরে তিনি এই বিয়েতে পারফর্ম করবেন। এমনকী তাঁর জন্য মোরাদাবাদে একটি হোটেলও বুক করা হয়। কিন্তু তিনি সেখানে যাননি। পরবর্তীতে টাকা ফেরত দিয়ে যে চেক দিয়েছিলেন আমিশা, সেটা নাকি বাউন্স করে। সেই কারণেই অভিনেত্রীর নামে প্রতারণা এবং ভুল তথ্য দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করা হয়েছে। আমিশা জানিয়েছেন, এসব বিষয়ে তিনি নজর দিতে আগ্রহী নন।