গত ২৯ মার্চ তালসারির সমুদ্রে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনা এখনও টলিপাড়ার স্মৃতিতে তাজা। 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর একেবারে পাশেই ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। তিনিও সমুদ্রের উত্তাল জলে ভেসে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, সেই ঘটনার মানসিক অভিঘাত থেকে বেরিয়ে আসা মোটেও সহজ ছিল না।

দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শ্বেতার ভেঙে পড়া মানসিক অবস্থার ছবি স্পষ্ট ধরা পড়েছিল। পরে আজকাল ডট ইন-কে হোয়াটসঅ্যাপে তিনি জানিয়েছিলেন, মানসিক এবং শারীরিক—দুই দিক থেকেই তিনি সম্পূর্ণ বিধ্বস্ত। স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর সময় লাগবে বলেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন অভিনেত্রী।


তবে জীবন থেমে থাকে না। দীর্ঘ লড়াইয়ের পর এবার ফের ক্যামেরার সামনে দাঁড়ালেন শ্বেতা। প্রতিম ডি গুপ্ত পরিচালিত বহু প্রতীক্ষিত 'চালচিত্র ২'-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে তিনি অভিনয় করছেন 'কস্তুরী' নামে এক মহিলা পুলিশ অফিসারের ভূমিকায়, যিনি টোটা রায়চৌধুরীর তদন্তকারী দলের অন্যতম সদস্য। নিজের কাজের প্রতি প্রবল নিষ্ঠাবান, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনে প্রাণের ঝুঁকি নিতেও পিছপা না হওয়া—এই বৈশিষ্ট্যেই তৈরি হয়েছে কস্তুরীর চরিত্র।

 

শুধু তদন্ত নয়, ছবিতে একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সেও দেখা যাবে শ্বেতাকে। পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন লোকেশনে ছবির বেশ কয়েক দিনের শুটিংও শেষ করেছেন অভিনেত্রী।
তবে 'চালচিত্র ২'-এর আসল চমক লুকিয়ে রয়েছে চঞ্চল চৌধুরীর চরিত্রে। প্রথম ছবিতে ব্রাত্য বসুর অভিনীত ভয়ঙ্কর খলনায়ক 'ভুবন' দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। এবার সেই ভুবনেরই তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। কিন্তু তিনি কি শুধুই এক নিষ্ঠুর অপরাধী? না কি তাঁর অপরাধী হয়ে ওঠার নেপথ্যে রয়েছে এমন এক মনস্তাত্ত্বিক অতীত, যা গোটা গল্পের দৃষ্টিভঙ্গিই বদলে দেবে? পরিচালক সেই প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছেন ছবির একেবারে শেষ পর্বের জন্য।
প্রতিম ডি গুপ্তর এই সিদ্ধান্তকে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির একাংশ 'মাস্টারস্ট্রোক' বলেই মনে করছেন। ওপার বাংলার তারকা জিয়াউল ফারুক অপূর্বর পর এবার দুই বাংলার আর এক জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরীর অন্তর্ভুক্তি ফ্র্যাঞ্চাইজিকে আরও বড় মাত্রা দিয়েছে বলেই মত সিনেপ্রেমীদের।
ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অনির্বাণ চক্রবর্তী এবং বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ। এককথায়, এই ফ্র্যাঞ্চাইজির জগতকে আরও বিস্তৃত করতে চলেছেন পরিচালক। তাই এই ছবির কাস্টিং এত গুরুত্বপূর্ণ।


কলকাতার একাধিক লোকেশনে পুরোদমে চলছে শুটিং। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে বড়দিনের অপেক্ষা নয়, চলতি বছরের দুর্গাপুজোতেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে 'চালচিত্র ২'। ফলে একদিকে যেমন শ্বেতা মিশ্রের প্রত্যাবর্তন নজর কেড়েছে, তেমনই চঞ্চল চৌধুরীর রহস্যময় চরিত্র ঘিরেও এখন থেকেই তৈরি হয়েছে তুমুল কৌতূহল।