অভিনেত্রী পিয়ান সরকার এবং পরিচালক রাজা চন্দের পরিবারে খুশির হাওয়া। বিয়ের ৮ বছর পর মা হতে চলেছেন পিয়ান। তাঁদের সন্তান আসার খবরে জল্পনায় সিলমোহর দিয়ে এদিন প্রথমবার মা হতে চলার অনুভূতি, কীভাবে নিজের যত্ন রাখছেন, আগামীর জন্য কী কী প্রস্তুতি সবটাই আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী।
এদিন রাজা চন্দের সঙ্গে প্রথমে যোগাযোগ করা হয় এই খবরের সত্যতা যাচাই করতে। 'রংবাজ' ছবির পরিচালক মুচকি হেসে বলেন, "হ্যাঁ, খবরটা সত্যি। আমাদের সংসারে নতুন মানুষ আসছে।" পরবর্তীতে পিয়ান সরকার জানান, ৬ মাসের গর্ভবতী তিনি। প্রথমবার মা হতে চলার অনুভূতি, নিজের কীভাবে যত্ন নিচ্ছেন সেটা জানিয়ে 'ম্যাজিক' খ্যাত অভিনেত্রী বলেন, "প্রথমবার মা হতে চলেছি, এটা এক অনন্য অনুভূতি। আমি আমার সন্তানের জন্য শ্রেষ্ঠ মা হতে চাই। আপাতত কড়া ভাবে রুটিন মেনে চলছি। পর্যাপ্ত ঘুম, ব্যায়াম এবং সঠিক ডায়েট মেনে চলছি। মানসিক ভাবে ভাল থাকার চেষ্টা করছি। আমার সন্তানকে ভাল রাখতে আপাতত এটাই করছি। বাকি যুদ্ধটা সে জন্মানোর পর শুরু হবে।"
সন্তানের বিষয়ে কথা বলতে গিয়ে পিয়ান বলেন, "আমি চাই আমার সন্তান যেন সুস্থ, চনমনে, এনার্জেটিক, পজিটিভ একটা মানুষ হয়। আপাতত এটাই ঈশ্বর, ইউনিভার্সের কাছে আমার চাওয়া।"
প্রসঙ্গত, ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছেন পিয়ান সরকার এবং রাজা চন্দ। ২৪ নভেম্বর, ২০১৮ -তে শ্রীরামপুর রাজবাড়িতে বসেছিল তাঁদের বিবাহ বাসর। ২৭ নভেম্বর কলকাতায় গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হয় তাঁদের। বিয়ের ৮ বছর পর তাঁদের সংসার বেড়ে দুই থেকে তিন হতে চলেছে। প্রসঙ্গত, রাজা চন্দ টলিউডের প্রথম সারির পরিচালক। উপহার দিয়েছেন 'চ্যালেঞ্জ ২', 'লে হালুয়া লে', 'রংবাজ', ইত্যাদির মতো হিট, সুপারহিট ছবি। পিয়ান সরকারও টলিউডের অতি পরিচিত মুখ। একাধিক সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী।















