নিজস্ব সংবাদদাতা: বলিউডে পঞ্চম যাত্রা শুরু করলেন সাহেব চট্টোপাধ্যায়। ১০ দিনের শুটিং করে ফেলেছেন ইতিমধ্যেই। আপাতত রয়েছেন মুম্বই শহরেই। বলিউডে কোন ছবিতে বা কাদের সঙ্গে কাজ করছেন সাহেব চট্টোপাধ্যায়?
কলকাতায় কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সাহেব চট্টোপাধ্যায় অভিনীত 'যমালয়ে জীবন্ত ভানু'। দর্শক বেশ পছন্দ করছেন এই ছবি। এর মাঝেই অভিনেতা দিলেন আরেক সুখবর। বলিউডে দশ দিন একটি বিশেষ কাজের শুটিং সেরে ফেলেছেন তিনি, গত কয়েকদিন ধরে রয়েছেন মুম্বইতেই। তবে কোন কাজ?
বিস্তারিত জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে সাহেব চট্টোপাধ্যায় এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এখন বলা একেবারেই বারণ, সেই ভাবেই এগ্রিমেন্ট করা হয়েছে তবে এই কাজের খবর সকলে পেলে খুশি হবেন এইটুকু বলতে পারি। ২৩ বছর অনেকটা স্ট্রাগল করার পর আমার দ্বিতীয় ইনিংস বলা যেতে পারে।"
এছাড়াও সাহেব চট্টোপাধ্যায় জানিয়েছেন তাঁর মুম্বইতে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। সেখানে শিল্পীদের দারুণ সম্মান দেওয়া হয়। কলকাতা থেকে আসা শিল্পীদের অনেক যত্নে রেখে কাজ করা হয়, যে সম্মান ও ভালবাসা পেয়ে অভিভূত অভিনেতা।
এই কাজ নিয়ে কথা বলার জন্য অপেক্ষায় রয়েছেন তিনিও। তবে আপাতত মুখে কুলুপ এঁটেছেন। এই টিমের সঙ্গে বেশ কিছুদিন ধরেই কাজ করছেন সাহেব, এখন আপাতত কয়েক দিনের জন্য মুম্বইবাসী এই অভিনেতা। তবে শীঘ্রই কলকাতায় ফিরছেন তিনি। অনুরাগীদের সঙ্গে এই খবর ভাগ করার অপেক্ষায় রয়েছেন বলেই জানালেন অভিনেতা।
















