গত ১৩ মার্চ করুণাময়ী সেন্ট্রাল পার্কে শিলাজিৎ মজুমদারের অনুষ্ঠান ছিল। অভিযোগ, সেখানে রাত ১১টা বাজতে না বাজতেই পুলিশ এসে আঙুল দেখিয়ে খারাপ ইঙ্গিত করে গায়ককে স্টেজ ছাড়তে বলে। শিলাজিৎ মঞ্চ থেকেই গোটা ঘটনার বিরোধিতা করেন। এবার এই বিষয়ে মুখ খুললেন সেদিনের অনুষ্ঠানের দর্শক তথা প্রত্যক্ষদর্শী এবং অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
জয়জিৎ এদিন শিলাজিতের পারফরমেন্সের একটি ছবি পোস্ট করে পুলিশের আচরণের বিরোধিতা করে লেখেন, 'কাল শিলাদার অনুষ্ঠানে আমি ছিলাম। একজন শিল্পীকে যে ভাবে অপমান করা হল তার তীব্র প্রতিবাদ করছি। আইন অমান্য করা হয়নি সুস্থ ভাবে একটা অনুষ্ঠানে পুলিশ কীভাবে একজন শিল্পীকে স্টেজের নিচ থেকে অসভ্যর মতো হাত দিয়ে ডেকে নেমে যেতে বলেন সেটা দেখে বাকরুদ্ধ হয়ে গেছিলাম।'
তিনি এদিন আরও লেখেন, 'ওঁর ছবি এবং নাম আমার কাছে আছে। ১১ টা অবধি পারমিশন ছিল শিলাদা ঠিক ১০:৫৯ -এ শো শেষ করে জনৈক পুলিশকে যা বলার বলে নেমে গেছে। কোনও অসভ্যতামি নয়, ভদ্র ভাবে যা বলার বলে নেমে গেছে।'
প্রসঙ্গত, এই অনুষ্ঠানের শেষ মুহূর্তের ঘটনা বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল। ঠিক কী ঘটেছিল জানতে শিলাজিতের সঙ্গে আজকাল ডট ইন যোগাযোগ করলে, গায়ক বলেন, "গত পরশু ক্যাকটাস এবং লক্ষ্মীছাড়ার শো ছিল, সেটা বৃষ্টির জন্য ভেস্তে যায়। গতকাল আমার শো ছিল। সেই শোতে ক্যাকটাসকে অ্যাকমোডেট করা হয়। আমার সময় ছিল সাড়ে ৭ টায়। কিন্তু আমায় ওদের ঘণ্টা দু'য়েক সময় দিতে হয়। আমি সাড়ে ৯ টায় স্টেজ পাই। আমাদের আয়োজকরা বলেন ১১ টা অবধি সময় আছে, শো করুন। ১১ টা বাজতে পাঁচ তখন, আমাদের শেষ গানটাই গাইছি, সেই সময় একটা পুলিশের গাড়ি এল। ইউনিফর্ম পরা একজন ভদ্রলোক নামলেন সেখান থেকে। কোনও সৌজন্যবোধ তো ছিলই না, সেটা ছেড়েই দিলাম, হাত দেখিয়ে 'নেমে যান নেমে যান' করতে থাকেন। ওঁর ভঙ্গিটা আমার অত্যন্ত বিরক্তিকর লাগে, কারণ আমি এমন কোনও অপরাধ করিনি। ১১ টা অবধি অনুমতি ছিল, ১১ টা বাজতে পাঁচে এসে সেটা ওঁরা একটু ভাল ভাবে বলতেই পারতেন। আমাদের যথেষ্ট সেন্স আছে। যে সময় আমার বাড়ি ফিরে আসার কথা, তখনও আমি ওখানে অপেক্ষা করে শো করছি, এই বয়সে এসেও। উনি যে ভঙ্গিতে নামার কথা বলেন, সেই কারণে আমি ওঁকে কথাটা বলি, উনি আমায় যেভাবে আঙুল দেখিয়ে নেমে যেতে বলছিলেন, যেন আমি কোনও গুন্ডা বা অপরাধী। এই অসভ্যতার কোনও মানে হয় না। এটা যদি আমরা ১১.৩০ টা অবধি শো করতাম, কথা শুনতাম না, তাহলে একরকম হতো।"
তাঁকে এদিন মঞ্চে দাঁড়িয়ে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যায়, "আপনি আধ ঘণ্টা আগে এলে, আধ ঘণ্টা আগে বন্ধ করে দিতাম। কিন্তু আপনি এভাবে আঙুল দেখিয়ে আমায় নামিয়ে দিতে পারেন না। আপনি বিরাট ক্ষমতাবান হতে পারেন, কিন্তু এটা আপনি পারেন না। আমাকে এভাবে অসম্মান করতে পারেন না। আপনারা এর থেকে অনেক বেশি কিছু সহ্য করেন। অনেক বেশি আওয়াজ সহ্য করেন বাধ্য হয়ে। পারেন না স্যার এটা। সামনে ভোটের সময় বোমগুলো দেখব.... আপনাদের থেকে আয়োজকরা ১১ টা অবধি সময় চেয়েছিল। চেয়েছিলে তো তোমরা? ১১ টা বেজে গেছে, আমি নেমে যাচ্ছি। কিন্তু এভাবে নামিয়ে দেবেন না। ৩২ বছর ধরে পশ্চিমবঙ্গে গান গাইছি। আপনি আমায় চিনতে না পারেন, কিন্তু এরা চেনে।"
