এক কাঁধে শিশুকন্যা, অন্য কাঁধে বন্দুক! দুর্গাপুজোর আবহে এ কোন রহস্যময় ভূমিকায় ধরা দিলেন আবির চট্টোপাধ্যায়! ভাবছেন ব্যাপারটা কী? অভিনেতার নতুন ছবির ঘোষণা হল। অভিরূপ ঘোষ পরিচালিত 'উৎসব' ছবির পোস্টার মুক্তি পেল এদিন। 

কী নিয়ে আবর্তিত হবে 'উৎসব' ছবিটির গল্প? নির্মাতাদের তরফে জানানো হয়েছে, এই গল্পটি এমন এক একান্নবর্তী পরিবারের, যার কোনও সদস্য একে অপরকে সহ্য করতে পারে না। কিন্তু তাদের মধ্যে যতই মতের অমিল হোক, একটি বিষয়ে তারা সবাই এক হয়ে যায়— বাড়ির সব থেকে ছোট সদস্য, ১০ বছর বয়সী আর্যার ভাল থাকা। আর্যা একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং সারা পৃথিবীর চিকিৎসা তাকে সুস্থ করতে ব্যর্থ হয়ে গেছে। তাকে বাঁচানোর শেষ উপায় হচ্ছে মা দুর্গার আশীর্বাদ। এই পরিবারটি পুজোর সময় নিজেদের গ্রামের বাড়িতে ফিরে যায় এবং চেষ্টা করে ঘটা করে দুর্গাপুজো করে মা দুর্গাকে সন্তুষ্ট করার। কিন্তু সমস্যা এখানেও রয়েছে। তাদের বাড়িটি অভিশপ্ত এবং ১০০ বছর আগে এই পরিবারের একজন একটি পাপের অংশীদার হওয়ায় মা দুর্গা এই বাড়ি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেক অভিশাপের পর এই পরিবার গত ১০০ বছর ধরে কোনওভাবেই আর দুর্গাপুজো করতে পারেনি এবং প্রতিটি প্রজন্ম বিরাট ক্ষতির মুখ দেখেছে। এই পরিস্থিতিতে আর্যার প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করতে, বিপদ জেনেও তার প্রিয়জনেরা পুজো শুরু করে। কিন্তু সঙ্গে সঙ্গে আসতে থাকে একের পর এক বাধা। ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। এমন সময়ে বাড়িতে উপস্থিত হয় এক রহস্যময় ব্যক্তি, যার নাম পুরুত। পুরুত এসে আর্যার সাথে বন্ধুত্ব করে এবং তার সমস্যার সমাধান করার চেষ্টা করে। কীভাবে পুরুত মা দুর্গার অভিশাপকে শেষ করে এবং আর্যাকে বাঁচানোর চেষ্টা করে, সেটাই এই ছবিতে ফুটে উঠবে। 

'উৎসব' ছবিতে পুরুতের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। আগেই বলা হল এই চরিত্রটি অত্যন্ত রহস্যজনক। নির্মাতাদের তরফে এখনই আবির চট্টোপাধ্যায় অভিনীত এই চরিত্রের বিষয়ে বিশেষ কিছু জানানো হয়নি। তবে জানা গিয়েছে, তিনি ছাড়া উৎসব ছবিতে থাকবেন প্রিয়াঙ্কা সরকার, বিবৃতি চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন, দর্শনা বণিক, লগ্নজিতা দাস, অশোক মুখোপাধ্যায়, প্রমুখ। 

'উৎসব' ছবিটির পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ। পান্ডে মোশন পিকচার্স ছবিটির প্রযোজনা করেছে, গল্প পরিচালকের। এবং তাঁর সঙ্গে রয়েছেন অরিত্র ব্যানার্জি। সংলাপ লিখেছেন সৌমিত দেব। চিত্রগ্রহণে থাকবেন শুভদীপ নস্কর এবং সম্পাদনায় সুমিত। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে মুক্তি পাবে ছবিটি। তবে কখন? সেটা এখনও জানানো হয়নি।