বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রি এবং বিতর্কের সমীকরণ নতুন নয়। তবে নয়ের দশকের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী উদিত নারায়ণ ও অভিজিৎ ভট্টাচার্যের নাম যখন কোনও বিতর্কে একসঙ্গে জোড়ে, তখন সোশাল মিডিয়ায় জল্পনার পারদ চড়বেই। লাইভ কনসার্টে এক মহিলা অনুরাগীকে জাপ্টে ধরে তাঁর ঠোঁটে ঠোঁট  ডুবিয়ে ভেজা চুমু দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক ট্রোলের মুখে পড়েছিলেন প্রবীণ গায়ক উদিত নারায়ণ। এবার সেই ভাইরাল ‘কিস বিতর্ক’ নিয়ে মুখ খুললেন তাঁর সহশিল্পী ও বহু বছরের সহকর্মী অভিজিৎ ভট্টাচার্য। ব্যাকফুটে না গিয়ে সোজা ব্যাটে খেলে উদিতকে ঠিক কী পরামর্শ দিয়েছিলেন, তা ফাঁস করে দিলেন অভিজিৎ।


কী ঘটেছিল সেই ভাইরাল ভিডিওতে? কনসার্টে গাওয়ার সময়ে এক মহিলা অনুরাগী উদিত নারায়ণের সঙ্গে সেলফি তুলতে আসেন এবং গায়কের গালে অনুরাগের ছোঁয়া দিতে যান। সেই মুহূর্তেই উদিত নারায়ণও মুখ ঘুরিয়ে ওই অনুরাগীর ঠোঁটে ঘন চুমু দিয়ে বসেন। ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয় তুমুল বিতর্ক। নেটিজেনদের একাংশ গায়কের এই আচরণকে "অনভিপ্রেত" ও "অশালীন" আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেন।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে  অভিজিৎ জানান, তিনি সবসময়ই ইন্ডাস্ট্রির বন্ধুদের পাশে শক্ত হয়ে দাঁড়ান। ওই বিতর্কের ঝড় যখন তুঙ্গে, তখন তিনি উদিৎ নারায়ণকে কোনো আত্মপক্ষ সমর্থন না করে সত্যিটা মেনে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। অভিজিতের কথায়,"আমি উদিতকে সরাসরি বলেছিলাম, ‘হ্যাঁ বলে দাও! লুকিয়ে লাভ নেই। ভক্তরা যদি তোমাকে জড়িয়ে ধরে বা চুমু দেয়, আর তুমিও যদি ভালবাসার খাতিরে তাদের একটা ফিরতি চুমু দিয়ে দাও—তবে তাতে অত সমস্যা কিসের?’"

অভিজিৎ মনে করেন, ভক্তদের এই আবেগ বা পাগলামিকে অপরাধ হিসেবে দেখা ভুল। নিজের পুরানো স্মৃতি রোমন্থন করে তিনি জানান, একবার লতা মঙ্গেশকরের সামনে দক্ষিণ আফ্রিকায় শো করার সময়ে তাঁর সঙ্গেও এমন ঘটেছিল, যেখানে ৩-৪ জন তরুণী তাঁর গালে এমনভাবে লিপস্টিকের দাগ এঁকে চুমু দিয়েছিলেন যে তিনি স্টেজে যেতে পারছিলেন না!

শুধু উদিত নারায়ণই নন, সোনু নিগমের 'আজান' বিতর্কের সময়ও তিনি ঠিক একইভাবে সহশিল্পীর পাশে দাঁড়িয়েছিলেন বলে জানান অভিজিৎ। বলিউড যখন সামান্য বিতর্ক দেখলেই গুটিয়ে যায় বা এড়িয়ে চলার চেষ্টা করে, ঠিক সেখানে দাঁড়িয়ে অভিজিতের এই স্পষ্ট এবং কিছুটা রসিকতাপূর্ণ মন্তব্য নিশ্চিতভাবেই টিনসেল টাউনের চর্চাকে এক নতুন মাত্রা দিল।