মুর্শিদাবাদ জেলায় জিয়াগঞ্জ শহরে ভারত বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে এসে কাটিয়ে যাওয়া বিভিন্ন মুহূর্ত 'আমির খান প্রোডাকশনস'-এর সমাজমাধ্যমের পাতায় এবার ভাগ করে নিলেন বলিউডের 'মিস্টার পারফেকশনেস্ট' আমির খান। সোমবার সন্ধে নাগাদ আমির খানের প্রযোজনা সংস্থার তরফ থেকে তাদের সমাজমাধ্যমের পাতায় নিজেদের পরবর্তী সিনেমা 'এক দিন '-এর একটি গান আপলোড করা হয়েছে। গানের একদম শেষাংশে সিনেমার নায়ক-নায়িকাকে দেখতে পাওয়া গেলেও 'মেরে রহো' নামের ওই গানের ভিডিওটির সিংহভাগ অংশ জুড়ে জিয়াগঞ্জ শহরে আমির ও অরিজিৎ-এর একসঙ্গে কাটানো বিভিন্ন টুকরো টুকরো মুহূর্তকে তুলে ধরা হয়েছে 'আমির খান প্রোডাকশনস'- এর তরফ থেকে।

গত জানুয়ারি মাসে  গোটা দেশকে চমকে দিয়ে নিজের সমাজমাধমের পাতায় হঠাৎই বলিউডের এক নম্বর প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং ঘোষণা করে দেন তিনি আর নতুন করে কোনও প্রজেক্টে প্লেব্যাক গান গাইবেন না। এই ঘোষণার কিছু দিনের মধ্যেই অত্যন্ত গোপনে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে অরিজিতের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন আমির খান। প্রথমে অনেকেই মনে করেছিলেন অরিজিতের গানের একনিষ্ঠ ভক্ত আমির তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করানোর জন্য এসেছেন। পরে জানা যায় আমির খানের ছেলে জুনায়েদ খান অভিনীত 'এক দিন' নামক একটি সিনেমায় অরিজিৎকে দিয়ে গান গাওয়াতেই মুর্শিদাবাদে ছুটে এসেছিলেন আমির খান। 

প্রায় ৪ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওটির একদম শুরুর দিকে আমির খানকে সাদা-কালো টি-শার্ট পরে অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর বাড়িতে বসে গল্প করতে দেখা যাচ্ছে। সেখানে আমির খানকে হিন্দিতে বলতে শোনা যাচ্ছে ,"তুমি কি আর হিন্দি সিনেমায় গান করবে না? এরকম করো না বন্ধু। তাহলে আমাদের কী হবে?" তার উত্তরে একটু হেসে আমিরকে, অরিজিৎ সিং জবাব দিচ্ছেন," না না এমন কিছু নয়"।
 ভিডিওটিতে এর পরই 'অর এক দিন' গানটি অরিজিৎ সিংকে গাইতে শোনা যাচ্ছে। ভিডিওর  ব্যাকগ্রাউন্ডে গানটি চলার সময় রাতের জিয়াগঞ্জ শহরের বিভিন্ন যে সমস্ত দৃশ্য আমিরের টিম ক্যামেরাবন্দি করে রেখেছে তা দেখতে পাওয়া গিয়েছে।

গানটি চলতে চলতেই দেখা যাচ্ছে, আমির খান অরিজিতের বাড়িতে প্রবেশ করতেই তাঁর পায়ে হাত দিয়ে গায়ক প্রণাম করছেন। এরপর অরিজিৎ সিংয়ের বাবা কক্কার সিংকে আমির খান নিজের বুকে জড়িয়ে ধরেছেন। ভিডিওটিতে 'এক দিন' সিনেমার সঙ্গীত পরিচালক রাম সম্পত এবং সিনেমার পরিচালক সুনীল পাণ্ডেকেও অরিজিতের বাড়িতে দেখা গিয়েছে।

গানটি যত এগিয়েছে ততই অরিজিতের গানের প্রতি আমিরের অকৃত্রিম ভালবাসা ফুটে উঠেছে। কানে 'নয়েজ লেস' হেডফোন লাগিয়ে আমির এক মনে অরিজিৎকে গানটি রেকর্ডিং করতে দেখছেন, তাও ফুটে উঠেছে ভিডিওতে।

অরিজিতের গানের রেকর্ডিং স্টুডিওর ছাদে উঠে আমির খানের ঘুড়ি ওড়ানোর দৃশ্য (যা আগেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে) এই ভিডিওটিতে স্থান পেয়েছে। আমির যখন ঘুড়ি ওড়াচ্ছিলেন সেই সময় আশেপাশের বাড়ির ছাদে জড়ো হওয়া লোকেদের উদ্দেশ্যে আমিরকে হাত নাড়তেও দেখা গিয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে সিনেমার 'টাইটেল সং'টি  চলতে চলতে কখনও অরিজিৎকে দেখা যাচ্ছে আমির খান এবং তাঁর টিমের লোকেদের হাতে চায়ের কাপ তুলে দিচ্ছেন, আবার কখনও বা গিটার হাতে আমির খানকে গান শোনাচ্ছেন গায়ক।

অরিজিৎ সিংয়ের বাড়ির  ঘরের মেঝেতে বসে আমির খানকে খেতে এবং অরিজিৎকে পরিবেশন করতেও দেখতে পাওয়া যাচ্ছে এই ভিডিওটিতে। সেই সময় অরিজিতের পাশে হাজির ছিলেন তার স্ত্রী, কোয়েল।
ভিডিওটিতে অরিজিৎ এবং আমিরকে দাবা খেলতেও দেখা গিয়েছে। গানটির একদম শেষের দিকে এসে অরিজিৎ সিংকে তাঁর দুই ছেলেকে নিয়ে আমির খানের সঙ্গে সেলফি তুলতে দেখা  যাচ্ছে। ভিডিওটিতে আরও দেখা গিয়েছে, আমির খান যখন জিয়াগঞ্জে ছিলেন সেই সময় অরিজিৎ তাঁকে রাতের শহর স্কুটিতে চাপিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। কখনও তাঁরা ভাগীরথীর ঘাটের কাছে এসে উপস্থিত হয়েছেন, আবার কখনও অরিজিতের বাড়ির ছাদে এসে উঠে ভাগীরথী নদীর অপরপ্রান্তে অবস্থিত আজিমগঞ্জ শহর দেখছেন। 

আমিরের পোস্ট করা ভিডিওটিতেই দেখতে পাওয়া গিয়েছে জিয়াগঞ্জ শহর ছাড়ার আগে আমির খান, অরিজিতের একাধিক বন্ধুর ডায়েরির পাতায় নিজের শুভেচ্ছা বার্তা লিখে দিয়ে যাচ্ছেন। মুর্শিদাবাদ থেকে বিদায় নেওয়ার আগে আমির খান অরিজিতের উদ্দেশ্যে এত সুন্দর দিনগুলো তাঁকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এর পরই অরিজিৎ এবং তাঁর স্ত্রীকে আমির খানকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে। ভিডিওটির একদম  শেষ প্রান্তে এসে দেখা যাচ্ছে আমির খান, অরিজিৎ এবং তাঁর স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে নিজের ভালবাসা জানিয়ে মুর্শিদাবাদ থেকে গাড়িতে চেপে বিদায় নিচ্ছেন। 

সমাজমাধমের পাতায় ভিডিওটি পোস্ট পর ইতিমধ্যে লক্ষাধিক মানুষ অরিজিতের গাওয়া গানটি শুনেছেন। জুনায়েদ খান ও সাই পল্লবী অভিনীত এই সিনেমা আগামী ১মে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।